চা খেতে গিয়ে খোয়া গেল প্রাণ! গাড়ির বেপরোয়া গতির জেরে বলি প্রৌঢ়, সাতসকালে ফের ভয়ানক দুর্ঘটনা কলকাতায়

সকালে ঘুম থেকে উঠেই চা না পেলে অনেকেরই দিনটা ঠিকঠাক শুরু হয়না। কিন্তু এই চায়ের নেশাই কাল হয়ে দাঁড়াল এক প্রৌঢ়ের জীবনে। চায়ের জেরেই প্রাণটাই খোয়ালেন তিনি। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর।

গত কয়েকদিন ধরেই কলকাতাতেই একের পর এক বেপরোয়া গাড়ির জেরে দুর্ঘটনার খবর উঠে আসছে। রাস্তায় বেরিয়ে অকালে প্রাণ খোয়াচ্ছেন কত মানুষ। ছোট্ট পড়ুয়াও বাদ নেই সেই তালিকা থেকে। এবার ফের কলকাতার রাস্তায় দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল বছর ৫২-এর সন্তোষ ব্রহ্ম নামের প্রৌঢ়ের।  

ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার নিউটাউন থানা এলাকার আনন্দপল্লীতে। জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকে উঠে চা খেতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। বাড়ি ছেড়ে রাস্তায় উঠতেই বিপত্তি। পিছন থেকে বেশ জোরে গতিতে থাকা এক গাড়ি এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা।  

স্থানীয় সূত্রে খবর, অত ভোরবেলা এমন ঘটনা ঘটায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পুলিশে খবর দিলে পুলিশ এসে  উদ্ধার করে ব্যক্তিকে। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থাতেই পড়ে ছিলেন ওই ব্যক্তি। পুলিশ যখন হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণ বেশ দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, গাড়িটি ব্যক্তিকে ধাক্কা মারার পর আর দাঁড়ায় নি। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। তাদের অভিযোগ, যে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তায় কোনও বাম্পার নেই। এর ফলে মাত্রাতিরিক্ত গতিতে এই রাস্তায় গাড়ি চলে। আর এর জেরেই প্রাণ খোয়ালেন এই প্রৌঢ়। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। গাড়িটিকে চিহ্নিত করে চালককে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মমতা চুপ কিন্তু…’, পুলিশের রদবদল নিয়ে মমতা সরকারকে খোঁচা সুকান্তর, উঠল বিস্ফোরক অভিযোগ 

উল্লেখ্য, কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা যেন বেড়েই চলেছে। কিছুদিন আগেই দুই বাসের রেষারেষির জন্য বেপরোয়া গতির জেরে প্রাণ গিয়েছে এক চতুর্থ শ্রেণীর খুদের। বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে তৎপর সরকার। এই বেপরোয়া গতির জন্য মৃত্যু হলে গাড়িচালকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে জানানো হয়েছিল। এবার এই ঘটনায় সেই পদক্ষেপ নেওয়া হয় কী না, সেটাই দেখার!

RELATED Articles