গত কয়েকদিন ধরেই বেশ সুন্দর ঠাণ্ডা পড়তে শুরু করেছিল। ধীরে ধীরে রাজ্যের নানান প্রান্তেই নামছিল তাপমাত্রা। কিন্তু আচমকাই হাওয়া বদল। নিম্নচাপের ভ্রূকুটি ফের বঙ্গে। এর জেরে কী জাঁকিয়ে শীত পড়ার পথে বাধার সৃষ্টি হবে, এমনটাই এখন আশঙ্কা বঙ্গবাসীর মনে!
জানা গিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্য একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এলাকায়। তবে এর প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই জানাল আবহাওয়া দফতর। বরং বাংলায় এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর। তবে নতুন করে তাপমাত্রা নামার পূর্বাভাস কম।
উত্তুরে হাওয়ার প্রবেশের ফলে যে বঙ্গজুড়ে বেশ মনোরম একটা আবহাওয়া রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর জেরে তাপমাত্রাও কমেছে বেশ খানিকটা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমেছে। কলকাতাতেও গত দু’দিন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল।
আগামী কিছুদিন তাপমাত্রার খুব একটা আর হেরফের হবে না। নতুন করে তাপমাত্রা আর কমবে না বলেই জানাল হাওয়া অফিস। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশেই থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬-৯৪ শতাংশ।





