‘ভাবছি একদিন সত্যিই ৫০০ গোপিনীকে নিয়ে বেরব, সবাই-ই সময় চাইছে’, পুজোর মধ্যে আরও রঙিন ‘কালারফুল’ মদন

তাঁকে তো এমনিতেই ‘কালারফুল’ বিধায়ক বলা হয়েই থাকে। এবার দুর্গাপুজোর আমেজে তিনি  যেন আরও বেশি রঙিন হয়ে উঠেছেন। ষষ্ঠীর সন্ধ্যায় নাতিকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন ঠাকুর দেখতে। গিয়েছিলেন শোভাবাজার রাজবাড়িতে। সেখানে গিয়ে ফের নিজের ‘গোপিনী’দের প্রসঙ্গ তুললেন তিনি।

মদন মিত্রকে নিয়ে লোকমুখে চর্চার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি। শুধুমাত্র রাজনীতিক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও সম্প্রতি নিজের এক পরিচয় গড়ে তুলেছেন তিনি। পুজোতে আনন্দের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মদন। সেখানেই উঠে আসে তাঁর গোপিনীদের নিয়ে প্রসঙ্গ।

বেশ মজার ছলেই মদন বলেন, “একদিন ভাবছি সত্যিই ৫০০ গোপিনী নিয়ে বেরব। সবাই চাইছে বেরতে। আলাদা করে তো টাইম দেওয়া যাচ্ছে না। আমি ওদের বলি, একদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসো। সবাইকে নিয়ে ঘোড়াগাড়িতে করে ঠাকুর দেখতে যাব। গোপিনী আছে, কিন্তু কেস নেই। কারণ আমি ভার্চুয়াল খেলি”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতির জেরেই তল্লাশি হয় তাঁর বাড়িতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলেও মদনকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল।

সেই সময় তিনি বলেছিলেন যে সিবিআই নাকি তাঁকে প্রশ্ন করেছে যে তাঁর একটা বউ নাকি দুটো বউ! সেই সময়ই গোপিনী প্রসঙ্গ শোনা গিয়েছিল মদনের মুখে। বেশ হাসতে হাসতেই তিনি বলেছিলেন, “আমি হাঁটলেই আমার পিছনে ৫০ জন গোপিনী হাঁটেন”।

RELATED Articles