দ্বিতীয়ার দিন কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই সেখানে দেখা গিয়েছে জনজোয়ার। এও বছর সন্তোষ মিত্র স্কোয়ারে অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। সেই মণ্ডপ দেখতে দর্শকদের ভিড় দেখা গিয়েছে চোখে পড়ার মতো। এবার এই মণ্ডপ দর্শন করতে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
গতকাল, শনিবার অর্থাৎ সপ্তমীর দিন সন্তোষ মিত্র স্কোয়ারে আসেন জেপি নাড্ডা। এই পুজোর উদ্বোধনে এসে অমিত শাহ রাজনীতির কথা বলেন নি ঠিকই, তবে দুর্নীতিমুক্ত বাংলার কথা বলেছিলেন। এদিন নাড্ডার মুখেও শোনা গেল সেই একই কথা।
এদিন রাম মন্দির মণ্ডপ দর্শন করে মুগ্ধ নাড্ডা। বলেন, “কিছু লোকের মতিভ্রম হয়েছে। সুবুদ্ধি ফিরুক। বাংলায় শুভ শক্তির হাতে ক্ষমতা আসুক। অশুভ শক্তির সমাপ্তি হয়ে শুভ শক্তির উদয় হোক”।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সজল ঘোষের পুজো বলেই পরিচিত। তিনি অমিত শাহ্’কে দিয়ে এই পুজোর উদ্বোধন করাতে চেয়েছিলেন। তবে তাঁর মন্ত্রক থেকে সম্মতি মিলতে দেরি হওয়ায় তিনি এই মণ্ডপের উদ্বোধন করতে পারবেন কী না, তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত কলকাতার রাম মন্দিরের উদ্বোধন করেন শাহ্’ই।
এরপর সপ্তমীর বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারে এলেন জেপি নাড্ডা। তিনি মণ্ডপ দেখে বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এর মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাক। অসুর শক্তি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এমন অশুভ শক্তিকে পরাস্ত করার শক্তি দিন মা দুর্গা”।





