গোটা দেশ এই মুহূর্তে বিশ্বকাপ জ্বরে কাঁপছে। রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে রোহিত, বিরাট, শামিরা অপ্রতিরোধ্য। পরপর ১০টি ম্যাচ জিতে আজ ফাইনালে ইন্ডিয়া। কাপ দেশের বাইরে যেতে দেওয়া যাবে না, এটাই পণ তাদের। ইন্ডিয়ার বিশ্বজয়ের জন্য মঙ্গল কামনা করে গতকাল, রবিবার দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এদিন পুজো দিয়ে মদন জানান, ইন্ডিয়ার বিশ্বজয় দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। এও বলেন, তিনি চেয়েছিলেন যাতে অস্ট্রেলিয়ার বদলে অন্য কোনও দল ফাইনালে ওঠে। মদন বলেন, “আমরা চেয়েছিলাম অন্যদের। কিন্তু কিছু তো করার নেই। সবই যার যার ভাগ্যের ব্যাপার। অস্ট্রেলিয়া খেলাটা মাঝখানে বড্ড ভালো খেলে দেয়”।
আজ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিন গোটা গ্যালারি ভরে থাকবে শুধু নীল জার্সি ও তেরঙ্গাতে। মদনের কথায়, “কাল গোটা মাঠ, ১ লাখ ৩০ হাজার লোক শুধু ইন্ডিয়া ইন্ডিয়া বলবে। কালকের রাজা হলেন বিরাট। ঠাকুরের কাছে বলে গেলাম, এটা কিন্তু ইন্ডিয়া। এটা ওয়ার্ল্ড কাপ, কোনও লোকাল কাপ নয়। ইন্ডিয়া কাল জিতবেই। বিরাট হ্যাটট্রিক করবেন”।
আজ ফাইনালের ম্যাচ নিয়ে গোটা দেশের উত্তেজনা যেন মাত্রা ছাড়াচ্ছে। ভারতীয় দলের মনোবলও কঠোর। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইন্ডিয়ার কাছেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফের দক্ষিণ আফ্রিকার কাছেও হার হয় তাদের। এরপর পরপর আটটা ম্যাচ জিতে আজ ফাইনালে অজি টিম। প্যাট কামিন্সদের হারিয়ে কীভাবে রোহিতের টিম বিশ্বকাপ হাতে তুলে নেয়, এখন তা দেখার অপেক্ষাতেই রয়েছে আপামর দেশবাসী।





