সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে কড়া ভাষায় বেনজির আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, সেলিম ইন্ডিয়া জোট ভাঙতে চাইছেন। সেলিমকে ‘মীরজাফর’ বলেও খোঁচা দেন তৃণমূল নেতা।
কেন এমন আক্রমণ?
কিছুদিন আগেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেছিলেন মহম্মদ সেলিম। বলেছিলেন, “স্পেশ্যাল প্লেন নিয়ে ভোরের অন্ধকারে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন অভিষেক। রাহুল গান্ধীর পা ধরে বলছে দাদা আমাকে বাঁচাও”।
এর পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ শানান সিপিএম নেতা। বলেন, “কংগ্রেসকে বুঝতে হবে, যদি ২০১১ সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিয়ে যাওয়ার”। তাঁর এহেন মন্তব্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সেই আক্রমণেরই পাল্টা জবাব দিলেন এবার ফিরহাদ।
কী বলেছেন ফিরহাদ?
এদিন সিপিএম তথা মহম্মদ সেলিমকে খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, “ইন্ডিয়া জোট ভাঙতে চাইছেন। চক্রান্ত করছেন। উনি মীরজাফরের কাজ করছেন। সেলিম সাহেব কংগ্রেস সম্পর্কে অনেক কথাই বললেন। কিন্তু সেলিম সাহেব কি দলের রাজ্য সম্পাদক হিসেবে ইয়েচুরি সাহেবকে একবারের জন্যেও চোরদের সঙ্গে এক মঞ্চে না থাকার আবেদন করেছেন”?
প্রসঙ্গত, বছর গড়ালেই লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলিই শুরু করে দিয়েছে প্রস্তুতি। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে গঠন করেছে ইন্ডিয়া জোট। এই জোটে রয়েছে তৃণমূল, সিপিএমও। এমন অবস্থায় এই দুই দলেরই নেতার একে অপরকে এভাবে কাদা ছোঁড়াছুঁড়ির জেরে জোটের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠবেই, তা বলাই বাহুল্য।





