বড় মুখ করে ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকারের জন্য আর অপেক্ষা নয়। ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকারই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনক্ষণ জানিয়ে এও বলেছিলেন যে ২১ ফেব্রুয়ারিই বকেয়া টাকা দেবেন তিনি ‘বঞ্চিত’দের। কিন্তু তা হচ্ছে না। ২১ ফেব্রুয়ারি বকেয়া টাকা দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা নিয়ে সেটাকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনের আগে মাঠে নেমেছে মমতা সরকার। কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসেই কেন্দ্রকে ডেডলাইন দিয়েছিলেন মমতা বকেয়া টাকা মেটানোর। তা না মেটালে ধর্নার ডাক দেন তিনি।
রেড রোডে ধর্নাতেও বসেছিলেন মমতা। ৪৮ ঘণ্টার সেই ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, “২১ লক্ষ শ্রমিক যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে”। কিন্তু এবার জানা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি শ্রমিকরা সেই টাকা পাবেন না।
কেন হঠাৎ সিদ্ধান্ত বদল সরকারের?
জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি নয়, এর বদলে ১ মার্চ থেকে ‘বঞ্চিত’ শ্রমিকদের বকেয়া টাকা মেটানো শুরু করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমীক্ষা করে দেখা গিয়েছে, বঞ্চিত শ্রমিকের সংখ্যা ২১ লক্ষ নয়, বরং ২৪ লক্ষ। সেই কারণেই টাকা দেওয়ার দিন বদল করা হয়েছে বলে দাবী রাজ্য সরকারের।
রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য সুখবর দেওয়া হয়েছিল শ্রমিকদের জন্য। মনরেগা প্রকল্পে কেন্দ্র সরকার বরাদ্দ বন্ধ করে দেওয়ায় বঞ্চিত শ্রমিকদের টাকা রাজ্য সরকারই মেটাবে বলে জানানো হয়েছিল। এর জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এবার সেই বকেয়া টাকা দেওয়ার দিন বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।





