আর জি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন সকল স্তরের মানুষ। প্রতিবাদ-বিক্ষোভ চলছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবী উঠেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ধর্ষণ মামলায় দ্রুত শাস্তি ও কঠোর আইন প্রণয়নের আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের দ্বিতীয় চিঠি লিখলেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ষণ প্রতিরোধে তিনি যে কঠোর আইন প্রণয়ন করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, সেই চিঠির কোনও উত্তর মেলেনি। তিনি জানিয়েছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি দায়সারা উত্তর পেলেও প্রধানমন্ত্রী কোনও উত্তর দেন নি। সেই কারণেই ৮ দিনের মাথায় ফের দ্বিতীয় চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২২ আগস্ট মোদীকে চিঠি দিয়ে মমতা উল্লেখ করেছিলেন, “দেশে রোজ প্রায় ৯০ টি এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। এমন ন্যক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক”।
জানা গিয়েছেম এই চিঠির উত্তরে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি দুয়ে জানিয়েছেন, ধর্ষণ ও শিশুদের উপর নির্যাতনের মামলায় দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গে ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমতি দেওয়া হয়েছে।
মমতার কথায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে দেওয়া উত্তর চিঠিতে বিষয়টির গুরুত্ব প্রতিফলিত হয়নি। দ্বিতীয় চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা জানান, ধর্ষণ রুখতে বাংলার সরকারের নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়েছে। কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। মমতা জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ১০টি বিশেষ পকসো ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির অনুমতি দিয়েছে। আগে থেকেই ৮২টি ফাস্ট ট্র্যাক কোর্ট ও ৬২টি বিশেষ পকসো আদালত চালু রয়েছে। এই আদালতগুলিতে স্থায়ী জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন।
https://twitter.com/MamataOfficial/status/1829421295802401094?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1829421295802401094%7Ctwgr%5E85a6f85ad5a309dce42e910f1fe17df558847387%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fcm-mamata-banerjee-sends-another-letter-to-pm-narendra-modi-after-rg-kar-issue-1114331.html
অন্যদিকে, মমতার এই দ্বিতীয় চিঠির আবার কড়া জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের চিঠির উল্লেখ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। চিঠি লেখা বন্ধ করে যে প্রশ্নগুলো উঠেছে, আগে তার জবাব দিন”।






