আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য তথা দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবীতে সরব সকলে। প্রতিবাদ করেছেন নানা শিল্পীরাও। ব্যতিক্রম নন অরিজিৎ সিং-ও। আর জি কর কাণ্ড নিয়ে গান বেঁধেছেন তিনি। আর এর জন্য এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
আর জি করের তরুণী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদেই সরব হয়েছেন অরিজিৎ সিং। বিচার চেয়ে ‘আর কবে’ গান বেঁধেছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক। বাঙালি এই গায়কের গান পছন্দ করেছেন বটে কুণাল ঘোষ। কিন্তু তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। কুণাল প্রথমেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি”।
এরপরই অরিজিতের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ বাণ। কুণালের কথায়, “সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ”?
শুধুমাত্র অরিজিতই নন, এদিন কুণালের কটাক্ষের মুখে টলিপাড়ার এক বড় অংশও। ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সেই ছবিতে নাকি বাংলা সম্পর্কে কুৎসা করা হয়েছে। আর জি করের ঘটনার মধ্যেই এই ছবিকে ঘিরে বেশ বিতর্ক ছড়িয়েছে। কলকাতা হাইকোর্টে এই ছবি মুক্তি আটকানোর জন্য জনস্বার্থ মামলা দায়ের হলেও সেই মামলা খারিজ হয়ে গিয়েছে। ছবি বন্ধের নির্দেশ দেন নি বিচারপতি।
এবার এই ছবি নিয়েই টলি পাড়ার শিল্পীদের একাংশকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে, বাংলা ছবির জগৎ, বিশেষভাবে তৃণমূলের সঙ্গে যুক্তরা অবিলম্বে তার প্রতিবাদ করুক”।





