পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখন রাজভবন-কমিশন সংঘাত তুঙ্গে। সম্প্রতি নির্বাচন কমিশনকে তাদের ভূমিকা নিয়ে তোপ দেগেছে কলকাতা হাইকোর্ট। এও বলা হয়েছে যে প্রয়োজনে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। এমনকি, নির্বাচন কমিশনারের জয়েনিং লেটারও ফিরিয়েছেন রাজ্যপাল। এরপরই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিশানা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের। তাঁর দাবী, রাজ্যপাল আদালতের সঙ্গে যোগসাজশ করে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করতে চাইছেন।
গতকাল, বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরে এক কর্মী সম্মেলনে যোগ দেন পার্থ ভৌমিক। সেখানেই সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। ভোট সংক্রান্ত মামলায় উলুবেড়িয়া ১ নম্বর ব্লক বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই বিষয়ে প্রশ্ন করা হয় পার্থ ভৌমিককে।
সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন”। তাঁর দাবী, ৭৮ হাজার বুথের মধ্যে মাত্র ৫০টি বুথে গণ্ডগোল হয়েছে, আর সেটার ভিত্তিতেই অশান্তির বিরোধীরা তত্ত্ব সামনে আনছে। তাঁর কথায়, বাকি বুথগুলিতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাইছেন।
এরপরই রাজ্যপালকে নিশানা করে মন্ত্রী বলেন, “রাজ্যপাল কোর্টের সঙ্গে যোগসাজস করে চেষ্টা করছেন, যাতে পঞ্চায়েত নির্বাচনটা না হয়, মানুষ যাতে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন”।
তৃণমূল মন্ত্রীর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই এই প্রসঙ্গে বলেন, “পার্থ ভৌমিক যে কথাগুলো বলেছেন, তার থেকেই বোঝা যাচ্ছে তাঁর মানসিক অবস্থা কী। রাজ্যপাল সম্পর্কে এমন কথা বলছেন। তৃণমূলের নেতারা ভেবে দেখছেন না যে কেন নির্বাচনে কোর্টকে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে”। বিজেপি নেতার কথায়, যারাই তৃণমূলের বিপক্ষে কথা বলবে, তৃণমূল তাদেরই নিশানা করবে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!