কিছুদিন আগেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে বিজেপি কখনই মুসলিম বিরোধী নয়। একথা বলতে গিয়ে গুজরাত, উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেছিলেন, মুসলিমরা ভোট দিয়েছেন বলেই এই রাজ্যে বিজেপি জিতেছে। তাঁর দাবী ছিল, মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে। এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা দেখে সত্যিই যেন মনে হচ্ছে পদ্ম শিবিরের প্রতি আস্থা বাড়ছে সংখ্যালঘুদের।
সূত্রের খবর, পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে বিজেপি মোট ৬৫০ জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। বিজেপির মতে, এই সংখ্যাটা আরও বাড়ত কিন্তু অনেকেই তৃণমূলের ভয়ে প্রার্থী হতে চান নি। প্রার্থী তালিকায় যা দেখা যাচ্ছে, যুবক ও মহিলা প্রার্থীর সংখ্যাই বেশি।
এই বিষয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চালস নন্দী বলছেন, “সংখ্যালঘুরা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। এটা আমাদের কাছে বড় আশার আলো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা আরও বাড়বে”। তাঁর সাফ দাবী, সংখ্যালঘুদের মন থেকে বিজেপি সম্পর্কে ভীতি কাটছে। তাঁর কথায়, “বেশি দিন আর সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে রাখা যাবে না”।
সূত্রের খবর, মুরশিদাবাদেই বিজেপির সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা সবথেকে বেশি। বিজেপির উপরমহল থেকে বঙ্গ বিজেপি নেতাদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে জনসংযোগ বাড়ানো হয়। আর এরপরই দেখা গিয়েছে তৃণমূল ছেড়ে কাতারে কাতারে সংখ্যালঘু যোগ দিয়েছে পদ্ম শিবিরে।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, “সংগঠন বাড়ছে। ভুল ধারণা বদলে এবার সংখ্যালঘুরা বিজেপির কাছে আসছে। অন্য দলেরা এদের ভোটের স্বার্থে ব্যবহার করে। কিন্তু, বিজেপির লক্ষ্য সংখ্যালঘুদের উন্নয়ন”।





