নানান সময়ই ট্রেনের মহিলা কামরা বা লেডিস স্পেশাল ট্রেনে পুরুষদের ওঠার বা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মেলে। সেই কারণেই এবার তা কড়া হাতে দমন করার পণ নিয়েছে পূর্ব রেলওয়ে। এমন কোনও অভিযোগ উঠলেই গ্রেফতারি ও জরিমানা শুরু করেছে রেল।
দিনদিন যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে, তা নিয়ে চিন্তিত ভারতীয় রেল। এবার রেলের মহিলা কামরাকে সুরক্ষিত করতে ও পুরুষ যাত্রীদের মহিলা কামরায় প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি চালাচ্ছে রেল। সেই কারণে গ্রেফতারি ও জরিমানার অঙ্ক জানলে চমকে উঠতে হবে।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, চলতি মাসের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ট্রেনের মহিলা কামরায় অনধিকার প্রবেশের বিরুদ্ধে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়েছে।
রেলের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে হাওড়া শাখায় ১২৭টি মামলা হয়েছে। ১২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ হাজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে জরিমানা বাবদ। শিয়ালদহ শাখায় ১৯৪টি মামলা হয়েছে আর গ্রেফতারির সংখ্যাও ১৯৪। আর জরিমানা বাবদ ২৪ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে।
জানা গিয়েছে, মালদহ শাখায় এই প্রেক্ষিতে ২৬টি মামলা হয়েছে আর ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮০০ টাকা আদায় করা হয়েছে জরিমানা বাবদ। আসানসোল শাখায় এই মামলার সংখ্যা ১৩১। গ্রেফতার করা হয়েছে ১৫৯ জনকে। ২৮,৮০০ তালা আদায় করা হয়েছে জরিমানা বাবদ। এই সময়কালে মোট মামলার সংখ্যা ৪৭৮ ও গ্রেফতারির সংখ্যা ৫১৩।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মহিলা যাত্রীদের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পদক্ষেপ করছে রেল। রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা কার্যকর করে মহিলা কামরার সুরক্ষিত পরিবেশ বজায় রাখা তেমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






