আর তিনদিন পরই কালীপুজো। কিন্তু এর আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। আজ, বুধবার আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তাহলে কী দীপাবলিতে ফের বৃষ্টিতে ভিজবে বঙ্গ? এই নিয়ে এখন চিন্তার ভাঁজ বঙ্গবাসীর কপালে।
কী জানাল হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথমদিন থেকেই বঙ্গে তাপমাত্রার পারদ নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বঙ্গবাসীর আশা ছিল কালীপুজো ও ভাইফোঁটায় এমনই মনোরম আবহাওয়া বিরাজ করবে বঙ্গে। কিন্তু সেই আশায় এবার যেন কাঁটা। হাওয়া অফিসের পূর্বাভাস, তামিলনাড়ু সংলগ্ন উপকূলে ইতিমধ্যেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে। তবে সেই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলেই জানাল আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজোতে শীতের আমেজ ভালোই উপভোগ করবে বঙ্গবাসী। ভাইফোঁটাতেও আবহাওয়া এমনই থাকবে। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা আরও নামবে। কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহেই ২০ ডিগ্রির কাছাকাছি নামবে।
জানা যাচ্ছে, আগামী তিন দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ২০-২১ ডিগ্রিতে নেমে যাবে। আর পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমান-বীরভূমের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ বেশ বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।





