বিজ্ঞান হোক গবেষণা, সৃষ্টির আদিকাল থেকে মানবজাতিকে বারবার আশার পথ দেখিয়েছে ভারত। ধন্বন্তরি থেকে শুরু করে আচার্য জগদীশচন্দ্র বোস, সি ভি রমণ, সকলেই বিজ্ঞানের পথে ভারতকে আরও এগিয়ে নিয়ে গেছে। ভারতের কোনও না কোনও বিজ্ঞানী সবসময়ই পৃথিবীর শীর্ষে থাকা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন। এবারেও তার অন্যথা হল না। বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতের দেড় হাজার।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞানের নানা শাখায় থাকা বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের নাম প্রকাশ কড়া হয়েছে। মোট ১ লক্ষ ৫৯ হাজার ৬৪৩ জনের নাম রয়েছে সেখানে। এর মধ্যে ১৫০০ জন ভারতীয় বিজ্ঞানীদের নাম রয়েছে ওই তালিকায়। এনাদের মধ্যে ৩৬জন মাত্র দুটি সংস্থার সঙ্গে যুক্ত।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ১৪ জন অধ্যাপক এই সেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন। এছাড়াও রয়েছেন আইআইটি গুয়াহাটির ২২ জন গবেষকও। আইআইটি বিএইচইউয়ের বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের যাদের নাম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে, তাঁদের মধ্যে ধনঞ্জয় পাণ্ডে, ‘ডিন’ রাজীব প্রকাশ, প্রলয়া মাইতি, সুবীর দাস, যোগেশ চন্দ্র শর্মা, দেবেন্দ্র কুমারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এঁরা সকলেই মানবজাতির অভিযোজন নিয়ে গবেষণা করেছেন।
অন্যদিকে, আইআইটি গুয়াহাটির গবেষকদের মধ্যে যারা এই প্রভূত সম্মান পেয়েছেন, তাঁদের নেতৃত্বে ছিলেন অধ্যাপক টিজি সীতারাম। এই সংবাদ পাওয়ার পর তিনি জানান, “এই ঘটনায় আইআইটি গুয়াহাটির নাম বিজ্ঞানের বিশ্বজনীন মানচিত্রে স্থান করে নিয়েছে। আমি বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পাওয়া প্রত্যেক গবেষককে অভিনন্দন জানাই।”
তবে সবচেয়ে ইতিবাচক দিক হল, যে বিজ্ঞানীরা এই সেরার তালিকায় স্থান পেয়েছেন, তাঁরা বিজ্ঞানের আলাদা আলাদা শাখা থেকে উঠে এসেছেন। এর থেকেই বোঝা যায় যে, দেশে সব শাখা থেকেই গবেষণার উন্নয়ন ঘটেছে। এই দুই সংস্থা ছাড়াও আরও অনেক সংস্থায় গবেষণারত বিজ্ঞানীরা বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নিজেদের স্থান পাকা করে নিয়েছেন। এই ঘটনা থেকে আরও একবার প্রমাণ হল বিজ্ঞান গবেষণায় ভারত আজও সেরার তালিকায় নিজেকে ধরে রাখতে পেরেছে।





