Bangladesh: শর্ট স্লিভ, ডিজাইন করা হিজাবও নিষিদ্ধ! ব্যাঙ্ক কর্মীদের পোশাকে ‘তালিবানি’ নিয়মে উত্তাল বাংলাদেশ!

বাংলাদেশের সমাজব্যবস্থা কি এতটাই সংকটের মুখোমুখি যে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক কী পরবেন, কীভাবে অফিসে যাবেন – সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি ব্যক্তির হাতে থাকবে না? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও নাগরিকদের মধ্যে। কারণ সম্প্রতি বাংলাদেশ ব্যাঙ্ক এমন একটি নির্দেশিকা জারি করেছে, যা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাঙ্কের তরফে একটি অফিসিয়াল সার্কুলার জারি হয়। তাতে বলা হয়েছে, মহিলা কর্মীরা শর্ট স্লিভ বা লেন্থের ড্রেস পরে অফিসে আসতে পারবেন না। লেগিংসও নিষিদ্ধ। এমনকি হিজাবের ডিজাইন নিয়েও কড়া নির্দেশ জারি হয়েছে – হিজাব সাদামাটা হতে হবে, বেশি ডিজাইন চলবে না। যদিও দাবি করা হয়েছে, কাউকে হিজাব পরতে বাধ্য করা হচ্ছে না, তবুও এই নির্দেশিকাকে ‘ফতোয়া’ বলেই মনে করছেন বহু নাগরিক।

এই নতুন নিয়ম কেবল মহিলাদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্যাঙ্কে জিন্স পরা নিষিদ্ধ করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে ফর্মাল ফুল/হাফ শার্ট ও ট্রাউজার পরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, শালীন পোশাক ও ইউনিফর্মিটির মাধ্যমে অফিস পরিবেশে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা সম্ভব।

এই নির্দেশিকার বিরোধিতা করে সরব হয়েছেন বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তাঁর বক্তব্য, “ব্যাঙ্কে কেউ কি অশালীন পোশাক পরে কাজ করেন? এটা কোনও ব্যাঙ্কের কাজ নয় যে তারা কর্মীদের পোশাক ঠিক করে দেবে। এটা স্পষ্টভাবে একটি তালিবানি মনোভাব।” তিনি আরও বলেন, ব্যাঙ্কের উচিত কাজের পরিবেশ, পরিষেবা ও দায়িত্ব পালনে নজর রাখা, কে কী পরছেন তা নয়।

আরও পড়ুনঃ Viral video: জনসমক্ষে ঠোঁটে ঠোঁট! ট্রেনের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল, উত্তাল নেট দুনিয়া—শাস্তির দাবিতে সরব নেটাগরিকেরা!

চলমান বিতর্কের মুখে শেষ পর্যন্ত মুখ খুলেছে বাংলাদেশ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, এই নির্দেশিকা বাধ্যতামূলক নয়, বরং শুধুই ‘পরামর্শমূলক’। কর্মচারীদের পোশাকের অধিকার খর্ব করার কোনও ইচ্ছা তাদের নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদ্য পাশ করে আসা তরুণ কর্মীদের ‘স্টুডেন্টস মেন্টালিটি’ ভাঙতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। কিন্তু এই ব্যাখ্যায় কতটা খুশি হচ্ছেন বাংলাদেশের নাগরিকরা? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles