গালওয়ানে অশান্তির সমস্ত দায় ভারতকে দিল চীন যত দোষ যেন ভারতের। চীন একেবারেই নির্দোষ। এরকমটাই দাবি করলেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। আজ সকালেই খবর এসেছিল যে সীমান্তে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে ‘শারীরিক প্রতিদ্বন্দ্বিতা’ হয়েছে। সেখানে মারা গিয়েছেন এক ভারতীয় সেনা অফিসার সহ দুই ভারতীয় জওয়ান। এবার এই ঘটনার দায় পুরোপুরি ভারতের উপর চাপাল চীন। চীনের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ বরাবর উত্তেজনা প্রশমনের জন্য একটি বৈঠকের সময় ভারতীয় সেনা প্ররোচনা দিয়েছে এবং নিজে থেকেই ভারতীয় সেনা চীনা সেনার উপর হামলা চালিয়েছে।
চীনের বিদেশমন্ত্রক জানিয়েছে যে সেই সময়ে কোন ভারতীয় সেনা মারা গিয়েছেন কিনা তা বলতে পারবেন না তারা। চীনা সেনার কেউ মারা গিয়েছে কিনা তাও তারা বলতে পারবেন না। এদিকে আজ ভারতীয় সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে ‘হিংসাত্মক হাতাহাতি’-তে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় জওয়ান। মৃত্যু হয়েছে চীনা জওয়ানদেরও।
যদিও এই বিষয় নিয়ে চীনের বিদেশমন্ত্রক থেকে যে দৈনন্দিন সাংবাদিক বৈঠক করা হয় সেখানে বলা হয়েছে যে চীন এই হাতাহাতি সম্পর্কে কিছু জানে না। চীন ও ভারত সীমান্তে উত্তেজনা কমানোর জন্য গত ৬ই জুন সামরিক ও কূটনৈতিক স্তরে ভারত ও চীনের আলোচনা হয়েছিল। আমাদের প্রতিনিধিরা সে সময় ভারতের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছে ছিল কিন্তু গত ১৫ই জুন ভারতীয় সেনা আমাদের ওপর আঘাত হানে। ভারতীয় সেনা অবৈধ কাজকর্মের জন্য দু’বার সীমান্ত রেখা লঙ্ঘন করে এবং আক্রমণ চালায়।
যদিও ভারতীয় সেনাবাহিনীর ওপর চীনের এই আরোপ সহজেই কেউ মেনে নিচ্ছেন না।





