শুক্রবার পূর্ব লাদাখের চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে চীনা ফৌজের এক সৈনিককে গ্রেপ্তার করে ভারতীয় সেনা। শুক্রবার সকালে ওই চীনা সেনার নিখোঁজ হওয়ার দুঘণ্টার মধ্যেই তাঁকে আটক করে ভারত। এই বিষয়ে তৎক্ষণাৎ লাল ফৌজকে খবর নিশ্চিত করে ভারতীয় সেনা। এরপরই বেজিং দাবি করে, আটক সিপাহীকে দ্রুত মুক্তি দিতে হবে ভারতকে। আর এর মধ্যে দিয়েই সীমান্তে যৌথভাবে শান্তি বজায় থাকবে। এরপরই ভারতের তরফ থেকে জানানো হয়, উপরমহলের নির্দেশ পেলেই চীনা সিপাহীকে মুক্তি দেওয়া হবে। এই গোটা প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার জন্য বারবার তাগাদা দিচ্ছে চীনা বাহিনী।
আর এবার লালফৌজের তরফ থেকে দাবি করে জানানো হল অন্ধকারে পথ ভুলে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল ওই আটক চীনা সৈনিক।
চীনের সেনাবাহিনী পরিচালিত অনলাইন পোর্টাল পিএলএ ডেইলিতে বলা হয়েছে, অন্ধকার আর ভূবৈচিত্র্যের জটিলতার জেরে লালফৌজ ফ্রন্টিয়ারের এক সৈন্য ভারত-চীন সীমান্ত অতিক্রম করে ফেলেন। এই বিষয়ে তড়িঘড়ি ভারতীয় সেনাবাহিনীকে জানানো হয়েছিল বলেও দাবি করেছে চীনা ফৌজ। পাশাপাশি ওই সৈনিককে উদ্ধারের আর্জিও জানানো হয়েছিল ভারতীয় বাহিনীর কাছে। তাঁদের এই বিবৃতি দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, অনুপ্রবেশের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে লালফৌজ।
যদিও ওই চীনা সৈনিকের ভারত প্রবেশকে অনুপ্রবেশ বলেই ধরে নিয়েছে ভারতীয় সেনা। কারণ ভারতীয় সীমান্তে চীনা অনুপ্রবেশ লেগেই রয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও লাদাখের ডেমচক এলাকায় ওয়াং ইয়া লং নামের এক চীনা সৈনিককে গ্রেপ্তার করা হয়। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছিল।





