ভারতের বিরুদ্ধে চীনের হামলা চীনা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যকেই আরও স্পষ্ট করেছে, দাবি আমেরিকার! পূর্ব লাদাখে ভারতীয় সৈন্যদের উপরে বর্বরোচিত হামলা এবং দক্ষিণ চীন সাগর ও হংকংয়ে তাঁদের স্বৈরশাসন স্পষ্ট করে চীনের কমিউনিস্ট পার্টির বর্তমান মনোভাব। এমনই মন্তব্য করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।
গত ১৫ই জুন ঘটে যাওয়া গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনার সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। কমপক্ষে ৭৬ জন আহত হন। সেই প্রসঙ্গ টেনে ফক্স নিউজ রেডিও-র এক সাক্ষাৎকারে মার্কিন উপদেষ্টা বলেন, ‘এটা অবশ্যই ভারত ও চীনের মধ্যে বিবাদ, কিন্তু চীন দেখিয়ে দিয়েছে তাঁদের আসল উদ্দেশ্য। চীনা ফৌজ ভারতীয়দের হত্যা করেছে। ২০ জন ভারতীয়কে পিটিয়ে মেরেছে। কাঁটা তারে মোড়া পেরেক গাঁথা মুগুর দিয়ে ওরা তাঁদের মেরেছে।’
সেই সঙ্গে রবার্ট আরও জানিয়েছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। কোভিড সংকটের আগে আমার শেষ সফরও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতেই এবং সেখানকার মানুষের থেকে উষ্ণ অভ্যর্থনা ভোলার নয়। ওঁদের সঙ্গে আমাদের অনেক কিছু মেলে, যেমন আমরা উভয়েই ইংরেজি বলি, দুই দেশই গণতান্ত্রিক। ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা দৃঢ় হয়েই চলেছে।’
তিনি বলেন, ‘কিন্তু ভারতের সঙ্গে চীনের আচরণ, ঠিক ওদের দক্ষিণ চীন সাগরে পদক্ষেপের মতোই, যেমন হংকংয়ে ওরা করছে, ঠিক যেমন তাইওয়ানে ওরা করছে, স্পষ্ট করেছে যে চীনা কমিউনিস্ট পার্টি ইদানীং ঠিক কী করতে চাইছে। বিষয়টি যথেষ্টই উদ্বেগের।’





