ক্রমে মজবুত হচ্ছে চন্দ্রশেখর ঘোষের তৈরি বন্ধন ব্যাঙ্ক! ২০২০-২১ অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যবসার ফলাফল আজ ঘোষণা করল এই ব্যাঙ্ক। গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার আয়তন ২৪.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৩৪,৯৪১ কোটি টাকা। ২০১৫-১৬ আর্থিক বছরে ব্যাঙ্কিং অপারেশন শুরু করেছিল চন্দ্রশেখর ঘোষের এই প্রতিষ্ঠান। এ বছর অগস্ট মাসে ব্যাঙ্কের পাঁচ বছর পূর্ণ হবে। মাত্র পাঁচ বছরেই গোটা দেশে ৪৫৫৯ টি ব্যাঙ্কিং শাখা খুলেছে বন্ধন ব্যাঙ্ক এবং তাদের মাধ্যমে ২.০৩ কোটি গ্রাহক পরিষেবা পাচ্ছে।
গত অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় বন্ধন ব্যাঙ্কের আমানাত বেড়েছে ৩৫.৩০ শতাংশ। এই ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের পুরো সময়টা জুড়ে দেশে লকডাউন চলেছে। তবে সরকার ও স্থানীয় প্রশাসনের সমস্ত রকম নিয়ম নির্দেশ মেনে আমাদের ব্যাঙ্ক শাখাগুলি কাজ চালিয়ে গিয়েছে। এই কঠিন সময়েও আমরা আমাদের গ্রাহকদের নিরন্তর পরিষেবা সুনিশ্চিত করেছি। প্রথম ত্রৈমাসিকের এই ফলাফলে বন্ধনের উদ্যমী চরিত্রেরই প্রতিফলন রয়েছে। গ্রাহক, শুভানুদ্যায়ী ও বিনিয়োগকারীরা যে ভাবে আমাদের উপর আস্থা অটুট রেখেছেন সে জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি”।





