Covid Wave Returns: ফের করোনা আতঙ্ক! হংকং-সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ, এশিয়াজুড়ে জারি সতর্কতা

গত কয়েক বছর আগে গোটা বিশ্ব এক অভূতপূর্ব সংকটের মধ্যে দিয়ে গেছে। স্কুল-কলেজ বন্ধ, অফিসে কাজের বদলে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম, মাস্ক ছাড়া রাস্তায় বেরোতে ভয়—এই সব কিছুই যেন হয়ে উঠেছিল জীবনের অঙ্গ। অনেকেই ভাবছিলেন, এই দুঃস্বপ্ন বুঝি পেরিয়ে গেছে। কিন্তু ফের যেন সেই ভয়ের পদধ্বনি শোনা যাচ্ছে! এশিয়ার বহু শহরে আবার দেখা দিচ্ছে করোনা সংক্রমণের ইঙ্গিত।

বিশেষ করে ভ্রমণপ্রিয় মানুষজন আবার চিন্তায় পড়েছেন। কারণ এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলি যেমন হংকং ও সিঙ্গাপুরে ফের করোনা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। অফিস-আদালত, স্কুল-কলেজ সব খোলা থাকলেও পরিবেশে একটা চাপা উদ্বেগ স্পষ্ট। ছোট ছোট ছেলেমেয়েরা আবার হাঁচি-কাশিতে ভুগছে, বাজারে মাস্কের চাহিদাও যেন একটু একটু করে বাড়ছে।

হংকং ও সিঙ্গাপুরের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জনবহুল এলাকাগুলিতে নতুন করে সতর্কতা জারি হয়েছে। হংকংয়ের ‘কমিউনিকেবল ডিজিজ ব্রাঞ্চ অব সেন্টার অব হেলথ প্রোটেকশন’-এর প্রধান অ্যালবার্ট জানিয়েছেন, প্রতি সপ্তাহে গড়ে ২৮ শতাংশ হারে সংক্রমণ বাড়ছে। ৩ মে পর্যন্ত সাপ্তাহিক হিসেবে অন্তত ১৪,২০০ জন রোগী আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

শুধু আক্রান্তের সংখ্যাই নয়, হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। হংকংয়ের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বহু রোগী হাসপাতালে ভরতি হচ্ছেন এবং তাঁদের মধ্যে অধিকাংশই কোভিড পজিটিভ। এমনকি, ভর্তি হওয়া রোগীর সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। সিঙ্গাপুরেও একই চিত্র। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কোন ভ্যারিয়ান্ট থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ Bikash Bhawan Protest:আমরা অসহায় নই, শুধু সংযত ছিলাম! চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছি: কলকাতা পুলিশ

বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা নেওয়ার গাফিলতি সংক্রমণ বৃদ্ধির মূল কারণ হতে পারে। যদিও নতুন ভ্যারিয়ান্ট সংক্রমক কি না, তা এখনও স্পষ্ট নয়, তবুও সমস্ত এশিয়ার জন্য এই সংক্রমণ এক বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি, তাঁরা যেন তা নিয়ে ফেলেন। সেই সঙ্গে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোওয়ার মতো সহজ কিন্তু কার্যকর অভ্যাসগুলি মেনে চলার উপরও জোর দিচ্ছেন তাঁরা। কারণ পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনতে পারলে, গোটা এশিয়াই ফের এক ভয়াবহ ঢেউয়ের মুখে পড়তে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles