Donald Trump-Elon Musk: এপস্টেইন বিতর্কে ট্রাম্প-মাস্ক সম্পর্ক ভাঙল! ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ালে মাস্ককে কী মূল্য দিতে হবে?

দু’জনের সম্পর্ক এক সময় ছিল বন্ধুত্বের আদর্শ উদাহরণ। একে অপরের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সমর্থন থেকে শুরু করে ব্যবসায়িক স্বার্থে পারস্পরিক সহযোগিতা—সবই ছিল দৃঢ়। কিন্তু সময় বদলেছে। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে একে অপরের নাম শুনতেও যেন নারাজ দুই মহারথী—ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। সম্প্রতি প্রকাশ্যে ট্রাম্প জানিয়ে দিলেন, মাস্কের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। বরং হুঁশিয়ারি দিয়ে বললেন, মাস্ক যদি গণতান্ত্রিক দলের প্রার্থীদের সমর্থনে অর্থ ঢালেন, তবে তাঁকে চরম মূল্য দিতে হবে।

এক সময় ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। ট্রাম্পও কম যাননি। মাস্ককে পাশে রাখতে একাধিক প্রশাসনিক সুবিধা দিয়েছেন। এমনকি তাঁর জন্য আলাদা বিভাগও তৈরি করেছিলেন। কিন্তু এত কিছুর পরেও এই বন্ধুত্ব বেশিদিন টেকেনি। ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরে। বর্তমান পরিস্থিতিতে দু’জনের মধ্যে দূরত্ব স্পষ্ট।

সম্প্রতি বিতর্কের সূত্রপাত ইলন মাস্কের এক সামাজিক মাধ্যমে করা পোস্ট ঘিরে। মাস্ক দাবি করেন, বহুচর্চিত এপস্টেইন নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। যদিও একদিনের মধ্যেই মাস্ক সেই পোস্ট মুছে দেন। কিন্তু ততক্ষণে আগুন জ্বলে গিয়েছে। ট্রাম্প বিষয়টিকে রাষ্ট্রপতি পদের অসম্মান হিসেবেই দেখছেন। তিনি সাফ বলেন, ‘‘তুমি রাষ্ট্রপতির দপ্তরকে অপমান করতে পারো না। এপস্টেইনের আইনজীবীও আমায় নির্দোষ বলেছেন।’’

তবে কি বন্ধুত্বের সমাপ্তি মানেই প্রতিশোধের প্রস্তুতি? অন্তত ট্রাম্পের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, ‘‘যদি মাস্ক গণতান্ত্রিক প্রার্থীদের সমর্থনে অর্থ দেন, তবে তাঁকে চরম মূল্য দিতে হবে।’’ আবার কখনও কি সম্পর্কের বরফ গলতে পারে? ট্রাম্পের জবাব ছিল সোজাসাপ্টা—‘না’। তিনি আর মাস্কের সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না, এমনকি তাঁর সঙ্গে কথাও বলতে চান না। তাঁর সাফ কথা, ‘‘আমার আরও অনেক কাজ রয়েছে। ইলন আমায় অসম্মান করেছে।’’

আরও পড়ুনঃ Weather update : তাপমাত্রা বাড়বে আরও ৪ ডিগ্রি! দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি কবে? জেনে নিন সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস!

সম্প্রতি ট্রাম্প যে ‘বড় সুন্দর বিল’-এর জন্য প্রচার চালাচ্ছেন, তার সঙ্গেও মাস্কের দূরত্ব তৈরি হয়েছে। এই বিল পাশের জন্য ট্রাম্প অত্যন্ত আশাবাদী। তাঁর দাবি, ‘‘এখন অনেকেই এই বিলকে গুরুত্ব দিয়ে দেখছেন, যা আগে দেখতেন না।’’ অর্থাৎ রাজনীতির অঙ্গনে মাস্ক-ট্রাম্প সম্পর্ক এখন অতীত। সামনে এক নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছেন দুই মহারথী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles