সূত্রের খবর লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের ঘটনায় আহত আরও চার ভারতীয় জওয়ানের অবস্থা অত্যন্ত সংকটজনক। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
মঙ্গলবার সকালে ভারতীয় সেনার তরফে জানানো হয় সোমবার রাতে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চৈনিক সেনার সঙ্গে ‘হিংসাত্মক হাতাহাতি’-তে এক আধিকারিক সহ প্রাণ গেছে দুই ভারতীয় জওয়ান। পরে রাতের দিকে বিবৃতিতে জানানো হয়, ওই অঞ্চলের প্রবল ঠান্ডায় মারা গিয়েছেন আহত আরও ১৭ জন ভারতীয় জওয়ান। তবে সূত্রের খবর, ভারতীয় সেনার তরফে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সীমান্তের ওপারেও, সংঘর্ষে মৃত্যু হয়েছে এক চীনা কম্যান্ডিং অফিসারের। বেজিংয়ের তরফে যথারীতি হতাহতের সংখ্যা নিয়ে এখনও মুখ খোলা হয়নি। যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখানে চীনা হেলিকপ্টারের চলাচল বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিপক্ষ সেনার কতজন আহত হয়েছেন, সেই অনুমান করা হচ্ছে। সূত্রের তরফে বলা হয়েছে, যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে স্ট্রেচারে করে যতজন চীনা সেনা জওয়ানকে উদ্ধার করা হয়েছে এবং তারপর গালওয়ান নদী বরাবর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তার মূল্যায়নের ভিত্তিতে সংখ্যা নির্নয় করা হচ্ছে।
সূত্রের দাবি, চীনা সেনায় হতাহতের পরিসংখ্যান ৪০-এর অনেক বেশি। সূত্রের বক্তব্য, ‘যে বাহিনীগুলি সংঘর্ষে যুক্ত ছিল, তারা জানিয়েছে, চীনা সেনার অনেক সংখ্যক ফৌজই হতাহত হয়েছেন। তবে মৃত বা আহতের প্রকৃত সংখ্যা বলতে পারা কঠিন। সেই সংখ্যাটা অবশ্য ৪০-এর ঢের বেশি হবে।’






