Bangladesh : ‘বাংলাদেশের দু’টো চিকেন নেককে আঘাত করব’—চিন-বন্ধুত্বে ক্ষুব্ধ হিমন্ত, শেয়ার করলেন বাংলাদেশের মানচিত্র!

উত্তর-পূর্ব ভারতের রাজনীতি কিংবা কূটনীতির খবর সচরাচর মূলধারার আলোচনায় আসে না। কিন্তু কিছু কিছু মন্তব্য কখনও কখনও গোটা উপমহাদেশের অভ্যন্তরীণ স্থিতাবস্থাকে নড়িয়ে দেয়। এই যেমন হিমন্ত বিশ্বশর্মার সাম্প্রতিক হুঁশিয়ারি—যেখানে তিনি সরাসরি আঙুল তুলেছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে। আন্তর্জাতিক সীমান্তঘেঁষা রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য কেবল কূটনৈতিক দিক থেকেই নয়, সাধারণ মানুষের মাঝেও চাঞ্চল্য তৈরি করেছে।

চিকেন নেক—এই শব্দটা সাধারণ মানুষের কাছে হয়তো নতুন। কিন্তু ভারতের ভূ-রাজনৈতিক দিক থেকে এটি অতি গুরুত্বপূর্ণ একটি টার্ম। ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর-পূর্ব অংশের মধ্যে রয়েছে একটি মাত্র সরু করিডর—যাকে বলা হয় ‘সিলিগুড়ি করিডর’ বা ‘চিকেন নেক’। এই অঞ্চলটি যেকোনও সামরিক বা কৌশলগত অবস্থানের পক্ষে অত্যন্ত স্পর্শকাতর। একে ঘিরেই এখন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক, যার কেন্দ্রে অসমের মুখ্যমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে কিছুদিন আগেই হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছিলেন, “আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের দু’টো চিকেন নেক রয়েছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে, আমরা তাদের দু’টোতেই আঘাত করব।” যদিও সেসময় কোনও মানচিত্র বা নির্দিষ্ট তথ্য সামনে আনেননি তিনি। তবে এবার নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশের মানচিত্র শেয়ার করে হিমন্ত দেখিয়ে দিলেন, কোন দু’টি অংশকে তিনি বাংলাদেশের ‘চিকেন নেক’ বলে চিহ্নিত করছেন।

হিমন্তর শেয়ার করা মানচিত্র অনুযায়ী, প্রথম অংশটি হল নর্থ বাংলাদেশ করিডর, যা দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। এই করিডরের উপর নির্ভরশীল গোটা রংপুর বিভাগ। হিমন্তর বক্তব্য, এখানে সামান্য কিছু হলেও সমস্যা ঘটলে রংপুর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের মূলভাগ থেকে। দ্বিতীয় অংশটি চিটাগং করিডর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে। এটিই ঢাকার সঙ্গে চট্টগ্রামের একমাত্র স্থলপথ যোগাযোগের মাধ্যম। অর্থাৎ এই দুটি এলাকাই বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার প্রতীক বলে মনে করছেন হিমন্ত।

আরও পড়ুনঃ Panskura : ‘চুরি করিনি’—নাবালকের মৃত্যুর আগে লেখা নোট কি ভুয়ো? পুলিশের নজরে হাতের লেখার গরমিল !

হিমন্ত নাম না করে আক্রমণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। সূত্র অনুযায়ী, ইউনুস চিন সফরে গিয়ে ভারতের চিকেন নেক দখলের বিষয়ে আলোচনা করেছেন। এমনকি লালমনিরহাটে চিনের সহায়তায় বায়ুসেনা ঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গেই হিমন্তর হুঁশিয়ারি—যারা ভারতের ভূখণ্ড নিয়ে স্বপ্ন দেখে, তাদের মনে রাখা উচিত তাদের নিজের দেশের ভূগঠন কতটা নড়বড়ে। বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান কীভাবে পাল্টে যাচ্ছে, আর তার প্রেক্ষিতে ভারতের অবস্থান কতটা সজাগ হচ্ছে, সেটাই এবার আরও স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর