ভারতের সঙ্গে থাকার বার্তা দিয়ে নিকোবর দ্বীপপুঞ্জে যৌথ নৌ-মহড়া ভারত-মার্কিন রণতরীর!

যেকোনও ইস্যুতেই বরাবর আমেরিকাকে পাশে পেয়েছে ভারত। সম্প্রতি ঘটে যাওয়া ভারত-চীন সীমান্ত সংঘর্ষে ভারতের পক্ষেই দাঁড়িয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র।

এই সংঘাতের আবহেই চীনকে বার্তা দিতে চলতি সপ্তাহে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতীয় যুদ্ধজাহাজগুলির সঙ্গে যৌথ নৌ-মহড়া দিতে চলেছে আমেরিকার নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার নেতৃত্বে রয়েছে মার্কিন রণতরী ইউএসএস নিমিট্‌জ।

আজ অর্থাৎ সোমবার ওয়াকিবহাল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট আপাতত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মহড়ায় ব্যস্ত রয়েছে। অন্য দিকে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করে বর্তমানে পারস্য উপসাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন রণপোত বাহিনী। চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশের নৌবাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যৌথ মহড়া শুরু করবে।

প্রসঙ্গত অত্যন্ত উল্লেখযোগ্য, ভারতের মূল ভূখণ্ড থেকে ১২০০ কিমি দূরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৩৫০ কিমি দূরে মালাক্কা প্রণালী দিয়ে চীনের তেল আমদানিকারী জাহাজগুলি যাত্রা করে।

পরমাণু শক্তি চালিত ইউএসএস নিমিট্‌জ বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ। সম্প্রতি দক্ষিণ চীন উপসাগরে টহলদারি সেরে জাহাজটি ফিরছে বলে জানা গিয়েছে। ওই টহলদারি অভিযানে অংশগ্রহণ করেছিল ইউএসএস রোনাল্ড রেগ্যান যুদ্ধজাহাজের নেতৃত্বে থাকা আরও একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

ভারত-আমেরিকা যৌথ নৌ-মহড়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী মালাবার নৌ-মহড়ায় ভারত ছাড়াও আমেরিকা, জাপানের পাশাপাশি অস্ট্রেলিয়াও অংশ নেবে বলে জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment