আগামী শনিবারই ঈদ। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে বাংলাদেশকে বিশেষ উপহার দিতে চলেছে ভারত। বাংলাদেশ এবং ভারত-এর মধ্যে যে সুসম্পর্ক বজায় রয়েছে, সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষে এবার বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিতে চলেছে ভারত। আজই বাংলাদেশের হাতে সেই উপহার তুলে দেবে ভারত, এমনটাই জানিয়েছে রেল দফতর।
ঈদ উপলক্ষে বাংলাদেশকে বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। ১০টি ব্রডগেজ লোকোমোটিভ বাংলাদেশকে উপহার দিচ্ছে ভারতীয় রেল। ভারতীয় রেলওয়েজের তরফে আজই এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারতের গেদে সীমান্তে এই ইঞ্জিনগুলি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।
দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এই উপহার জ্ঞাপন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ভারতের দেওয়া এই রেল ইঞ্জিনগুলিকে ‘ঈদের উপহার’ হিসেবে সাদরে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশও।
বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, “ভারতীয় রেলমন্ত্রকের তরফে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আজ উপহার দেওয়া হচ্ছে। অনলাইন ভিডিয়ো বৈঠকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের হাতে ভারতীয় রেলওয়ে সেই ইঞ্জিনগুলি তুলে দেবে। ভারতের গেদে সীমান্তে এবং বাংলাদেশের দর্শনা সীমান্তে এই উপহার হস্তান্তরের যাবতীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।”
ঈদ উপলক্ষে ভারতের তরফে বাংলাদেশকে যে বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে ভারতের প্রতিবেশী পাকিস্তান, নেপাল এখন চীনের সাথে হাত মিলিয়ে ভারতের চরম সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। এইসময় যদি বাংলাদেশের সাথে সম্পর্ক মজবুত করা যায়, তবে ভবিষ্যতে অনেক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





