২০৩০ এর মধ্যেই জাপান’কে ছাপিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত! বলছে আন্তর্জাতিক সমীক্ষা

আগামী ১০ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। হ্যাঁ! এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সমীক্ষা। সেখানেই বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই আরেকবার ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত। শুধু তাই নয়, সেখানে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে ভারতই হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। গতকাল অর্থাৎ শনিবার একটি প্রখ‌্যাত অর্থনৈতিক গবেষণা সংস্থার তরফে এমনতর দাবিই করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০১৯ সালে ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছিল ভারত। তবে ২০২০ সালে ফের ভারত ষষ্ঠ স্থানে নেমে যায়।

সংবাদসংস্থা সূত্রে খবর, ব্রিটেনের অর্থনীতি সমীক্ষা সংস্থা ‘সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের’ এদিন প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, আর্থিক বৃদ্ধির বর্তমান ধারা বজায় থাকলে, ২০২৫ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে ভারত। আর ২০২৭ সালে জার্মানি এবং ২০৩০ সালে জাপানকে পিছনে ফেলে ভারতের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে উঠে আসবে। সামনে থাকবে শুধু আমেরিকা আর শি জিনপিং-এর দেশ চীন। এই দুই দেশের সঙ্গে বাকিদের ফারাকটা অবশ্য বিশাল। বিভিন্ন দেশের বৃদ্ধির হারের নিরিখে সিইবিআরের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২১ সাল থেকে ভারতে ফের আর্থিক বৃদ্ধির হার গতি পাবে। তাঁদের পূর্বাভাস, ভারতীয় অর্থনীতি ২০২১ সালে ৯ শতাংশ এবং ২০২২ সালে ৭ শতাংশ প্রসারিত হবে। যদিও এই সবটাই অনুমানের ভিত্তিতে বলা।

ওই ব্রিটিশ সংস্থাটির রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা অতিমারী পরবর্তী পরিস্থিতিতে ভারতে উৎপাদন ক্ষেত্রে জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। তাতে ভর করেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

আরও অন্যান্য খবর