৬ বছর পর ফের ‘এক দেশ, এক নির্বাচন’ সম্পর্কে জনমত তৈরির উদ্যোগ বিজেপি’র!

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি নিয়ে দেশজুড়ে জনমত তৈরির জন্য প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। এই বিষয়ে তাঁরা ২৫টি ওয়েবমিনারের আয়োজন করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী! নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে সায় দিয়েছিলেন অন্যান্য বিজেপি নেতারাও। কিন্তু, তারপর থেকে গত ৬ বছরে যখনই এই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে তখনই প্রবল বিরোধিতা করেছে দেশের অন্যান্য সমস্ত বিরোধী দলগুলিই।

আর এর ফলে এখনও পর্যন্ত বিষয়টি আলোচনার স্তরেই রয়ে গিয়েছে। তবে এবার দেশজুড়ে এই বিষয়ে জনমত তৈরির জন্য প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এবিষয়ে তারা ২৫টি ওয়েবমিনারের আয়োজন করবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানান, দীর্ঘদিন ধরেই দেশের উন্নয়নের স্বার্থে এক দেশ, এক নির্বাচনের রাস্তায় হাঁটার বিষয়ে আলোচনা করা হচ্ছে। ফের এই বিষয়ে দেশের সাধারণ মানুষকে সচেতন করার জন্য ওয়েবমিনার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতমাসে সংবিধান দিবসের দিন এই বিষয়টি ফের উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর গত সপ্তাহে আইন প্রণয়ন হলেই কমিশন এক দেশ, এক নির্বাচনের পথে হাঁটতে তৈরি আছে বলে জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। আর তাপর‌ই দেশজুড়ে জনমত তৈরির বিষয়ে উদ্যোগ নিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

আরও অন্যান্য খবর