Fishermen Arrested: ইলিশের টানে বিপদে কাকদ্বীপ! আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশে আটক দুই ট্রলার, ৩৪ জন মৎস্যজীবী!

বর্ষা এলেই সমুদ্র যেন নতুন রূপে ডাকে দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও তারা রোজ পাড়ি দেন গভীর জলে মাছ ধরার আশায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু, এই বর্ষা দিল দুঃসংবাদ। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। পরে জানা গেল, বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাঁদের আটক করেছে সে দেশের নৌ বাহিনী। খবর পৌঁছেছে পরিবারগুলোর কাছে ফোনে, কিন্তু স্বস্তির বদলে বেড়েছে আতঙ্ক।

সূত্র অনুযায়ী, রবিবার গভীর রাতে দুটি ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে প্রবেশ করে বলে অভিযোগ। এরপরেই বাংলাদেশের নৌ বাহিনী আটক করে ভারতীয় ৩৪ জন মৎস্যজীবীকে। আটক হওয়া ট্রলার দুটি হল ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গল চন্ডী ৩৮’। জানা গিয়েছে, ট্রলার দুটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। ওই ট্রলার থেকে প্রায় ১০০ মন ইলিশ-সহ সামুদ্রিক মাছও উদ্ধার করেছে বাংলাদেশ।

মৎস্যজীবীদের আটক হওয়ার খবর ইতিমধ্যেই ফোনে পৌঁছেছে তাঁদের পরিবারের কাছে। যদিও জানানো হয়েছে, তাঁরা সকলে সুস্থ আছেন, কিন্তু তাতে মন শান্ত হচ্ছে না। যাঁদের বাড়ির লোকেরা ধরা পড়েননি, তাঁরাও আতঙ্কে রয়েছেন। কারণ, প্রায়শই মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেন তাঁদের স্বজনেরা। এই ধরনের ঘটনায় এক অনিশ্চয়তার ছায়া ঘনিয়ে এসেছে উপকূলবর্তী জনপদে।

এই ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের ছায়াও দেখতে পাচ্ছেন কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। তাঁর বক্তব্য, “বাংলাদেশ আগে এতটা সক্রিয় ছিল না। এখন রাজনৈতিক সম্পর্কের তিক্ততা সরাসরি প্রভাব ফেলছে সমুদ্রে।” তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে আটকদের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের আন্তর্জাতিক সীমানা এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Student death : রাষ্ট্রপতির সামনে লড়াইয়ের প্রতিচ্ছবি, রাতেই নিভে গেল প্রাণ! যৌ*ন হেন*স্থার প্রতিবাদেই শেষ তরুণীর জীবন!

এই ঘটনার মাঝেই আবহাওয়া দফতর আগামী পাঁচদিন সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং একাধিক ঘূর্ণাবর্তের কারণে গাঙ্গেয় অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে আগামী কয়েকদিন মাছ ধরার কাজ বন্ধ রাখা জরুরি। আবহাওয়ার পাশাপাশি এখন উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি এবং তার প্রতিক্রিয়া। কবে ফিরবেন আটক মৎস্যজীবীরা? উত্তরের অপেক্ষায় কাকদ্বীপ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles