ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর আস্থা দেখালেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। শুধু দেশের জন্য নয় সারা দুনিয়ার জন্য করোনার টিকা বানাতে পারবে ভারতীয় ওষুধ সংস্থাগুলি বলে জানালেন তিনি। গেটস ফাউন্ডেশনের আওতায় বহুদিন ধরে সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত গেটস।
বিল গেটস ভারতের ফার্মা শিল্পের কাজের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভারতে। অন্য অসুখের নিরাময়ের জন্য টিকা বানানোর যে ক্যাপাসিটি তৈরী করা হয়েছে, সেটা ব্যবহার করে সারা বিশ্বের জন্য করোনার টিকা বানাবে ভারত বলে তিনি দাবি করেন।
COVID-19: India’s War Against The Virus –বলে একটি ডকুমেন্টারিতে এই কথা উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায় ভারতের শহুরে অঞ্চলের জনঘনত্ব ও বৃহৎ জনসংখ্যা খুব বড় চ্যালেঞ্জ। বিল গেটস বলেন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি টিকা তৈরী হচ্ছে ভারতে। এই প্রসঙ্গে তিনি সেরাম ইনস্টিটিউটের কথা বলেন আলাদা করে। সারা বিশ্বকে অসুধ ও টিকা দিচ্ছে ভারত বলে তিনি জানান।
হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক যেভাবে করোনা টিকা বানানোর কাজ করছে, তারও প্রশংসা করেন গেটস ফাউন্ডেশনের কো চেয়ার। ভারত এখন Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)-এর অংশ হয়েছে। এই প্রসঙ্গে গেটস বলেন তিনি খুশি যে শুধু ভারত নয় সারা বিশ্বের জন্যেই প্রতিষেধক বানাবেন প্রস্তুতকারকরা। সেভাবেই মৃত্যুর সংখ্যা কমবে, ধীরে ধীরে মহামারী শেষ হবে।





