কুলভূষণ মামলায় নতুন মোড়। শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরী করল ইসলামাবাদ হাইকোর্ট।

পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব মামলার শুনানির জন‍্য বিশেষ বেঞ্চ তৈরী করল ইসলামাবাদ হাই কোর্ট। আসছে সপ্তাহ থেকে কুলভূষণ মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। এই বেঞ্চের নেতৃত্বে থাকবেন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাআল্লাহ। পরের সপ্তাহে কুলভূষণের জন্যেও একজন আইনজীবীও নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

চলতি সপ্তাহের গোড়াতেই পাকিস্তানের সরকার অর্ডিন্যান্স পাঠিয়েছে পার্লামেন্টের কাছে সম্মতির জন্য। কুলভূষণ যাদবকে সেনা আদালত মৃত্যু পরোয়ানা দিয়েছিল। এর বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন বলে জানিয়েছিল আন্তর্জাতিক আদালত (আইসিজে)। আর এই কারণেই আইনে বদল আনছে পাকিস্তান। ২২ জুলাই কুলভূষণের জন্য আইনজীবীকে নিযুক্ত করতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান সরকার।

ভারতের অবশ্য অভিযোগ ছিল আইসিজে-র নির্দেশের প্রহসন করছে পাকিস্তান। কুলভূষণের সঙ্গে ভারতের প্রতিনিধিদের ঠিক করে কথা বলতে দেওয়া হয়নি, তাঁকে ভয় দেখানো হয়েছে, আইনজীবী নির্বাচনও করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত।

প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় নৌসেনার এই অফিসারকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে পাকিস্তান। তাঁকে মৃত্যুর পরোয়ানা দেয় পাকিস্তানের সেনা আদালত। এরপর আন্তর্জাতিক আদালতে যায় ভারত। সেখানে জয় হয় ভারতের। তারপরেই ফের শুনানির সুযোগ পেলেন কুলভূষণ যাদব।

RELATED Articles

Leave a Comment