গালওয়ান উপত্যকা থেকে চীন সরে গেলেও নিজেদের প্রস্তুতি সেরে রাখছে ভারত। সম্প্রতিই রাস্তা তৈরির কাজ শেষ করবে ভারত এমনটাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে নিশ্চিত করেছেন বিআরও প্রধান। আজ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিআরও প্রধানের প্রায় এক ঘন্টা বৈঠক হয়। গতকাল ভারতের দুঁদে এই কূটনীতিবিদ অজিত দোভালের সঙ্গে চীনের প্রান্ত থেকে ভিডিও কল-এ বসেন বিদেশমন্ত্রী ওয়ং ই।
প্রথম থেকেই লাদাখ জটকে কেন্দ্র করে ঝামেলার পরিবেশ তৈরি করে চীন। দোভালও নাছোড়বান্দা। তিনি স্পষ্ট করেন ভারতের অবস্থান। সাফ বার্তায় প্রতিবেশীকে জানিয়ে দেন লাদাখে পেট্রোলিং পয়েন্টে ভারতীয় সেনার নজরদারির অধিকার নিশ্চিত করতে হবে চীনকে। তার জেরেই প্রকৃত লাইন অফ কন্ট্রোলে ১,৫৯৭ কিলোমিটার এলাকায় শান্তি রক্ষা হতে পারে। এরপরই ধীরে ধীরে গলে চীনা বরফ।
গতকাল দোভাল-চালে ভারত চীন সীমান্তের সংঘাতে নৈতিক জয় ছিনিয়ে নিতে পেরেছে বলে অনেকের মত। এদিকে, ভারত সাফ জানিয়েছে ২ কিলোমিটার পিছিয়ে যাওয়ার শর্ত মানা হলেও, লাদাখ সীমান্তে নির্মাণের কাজ থেকে ভারতীয় সেনা কিছুতেই পিছু হটবে না। ফলে লাদাখ সীমান্ত থেকে চীন আতঙ্ক এক্ষুনি কমছে না।






