ইউক্রেন-রাশিয়ার সংঘাতের মধ্যেই ফের আরও এক ভারতীয়র মৃত্যুর খবর মিলল ইউক্রেন থেকে। সূত্রের খবর অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মৃত্যু হয়েছে আরও এক ভারতীয়র। তাঁর নাম চন্দন জিন্দল। পাঞ্জাবের বাসিন্দা ছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। বয়স ২২ বছর।
তবে অসুস্থতাই এই পড়ুয়ার মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে। ইউক্রেনের ভিনিতসিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির হাসপাতালে ভর্তি ছিলেন ওই পড়ুয়া। ব্রেন স্ট্রোকের কারণে আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তাঁর। এটি ইউক্রেনে দ্বিতীয় ভারতীয় মৃত্যুর ঘটনা। এর আগে গতকাল, মঙ্গলবার খারকিভে গোলাগুলিতে সময় মারা যান কর্ণাটকের বাসিন্দা নবীন শেখরপ্পা।
ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে টুইট করে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ইউক্রেনের রাশিয়ার হামলার ষষ্ঠ দিনে মৃত্যু হয় ভারতীয় পড়ুয়া নবীন শেখরপ্পার। কর্ণাটকের হাভারির চালগেরির বাসিন্দা ছিলেন তিনি। খারকিভ ন্যাশানাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে পড়াশোনা করছিলেন নবীন।
সূত্রের খবর অনুযায়ী, নবীন যখন নিজের অ্যাপার্টমেন্ট থেকে স্টেশনের দিকে যাচ্ছিলেন, সেই সময় রাশিয়ার হামকার কারণে আগুনের কবলে পড়ে যান তিনি। এর জেরে মৃত্যু হয় নবীনের। নবীনের মৃত্যুতে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে টুইট করে শোকপ্রকাশ করা হয়।
জানা গিয়েছে, নবীনের মৃত্যুর আগে তাঁর শেষ ভিডিও কল প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। এই ভিডিওতে নবীনের পরিবারের সদস্যরা তাঁকে তাদের অ্যাপার্টমেন্টের উপরে তেরঙ্গা লাগাতে বলছিলেন। নবীন মৃত্যুর আগে শেষ ভিডিও কলে পরিবারের কথায় সহমতও হয়েছিলেন।
বলে রাখি, ইউক্রেনের খারকিভে এখনও অনেক ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তাদের দেশে ফেরানোর চেষ্টা চলছে। কেন্দ্র সরকারের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর জন্য ‘অপারেশন গঙ্গা’ নামের একটি অভিযান শুরু করেছে।





