ঘরে-বাইরে নিন্দার ঝড়, গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার ঘটনায় অবশেষে গ্রেফতার চার পাকিস্তানি

ধর্মসহিষ্ণু দেশ হিসাবে পাকিস্তানের কোনওদিনই সুনাম ছিল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একজন পাকিস্তানি একটি বুদ্ধমূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছে। ঐতিহাসিকরা জানান সেই বুদ্ধমূর্তিটি অত্যন্ত বিরল এবং দুষ্প্রাপ্য। এরপরে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় নিন্দার ঝড়, নড়েচড়ে বসে পাক প্রশাসন। অবশেষে গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পাক পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ার মর্দন জেলার তখতবাই এলাকায় জলের লাইনের জন্য খোঁড়ার কাজ চলছিল। সেই সময় মূর্তিটি খুঁজে পায় ঠিকাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, মূর্তিটি খুঁজে পাওয়ার পর এক মৌলবী ভয় দেখায়। সে দাবি করে, মূর্তিটি থাকলে ক্ষতি হতে পারে। সেই ভয়ে ঠিকাদার কর্মীরা মূর্তিটি ভেঙে ফেলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর এই মূর্তি ভাঙ্গার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরে নিন্দার ঝড়ের মুখে পড়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় পাক প্রশাসন।

জেলা পুলিশ আধিকারিক জাহিদুল্লাহ জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছিল। পুলিশ ওই চারজনকে গ্রেফতার করেছে। বৌদ্ধ মূর্তি ভেঙে দেওয়ার জন্য ঠিকাদার কোমার জামান এবং তার তিন কর্মী – আমজাদ, আলম এবং সালেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে মূর্তির কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

আরও অন্যান্য খবর