বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সম্পর্ক যতটা তলানিতে এসে ঠেকেছে, ততটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই দেশের জনমানস। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, তাদের আবেগ, দৃষ্টিভঙ্গি — এই সমস্তই এখন শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের আলোচনার বিষয়। আর ঠিক এই আবহেই পাকিস্তানের কিছু যুবকের মন্তব্য উঠে এসেছে ভাইরাল হওয়া একটি ইউটিউব ভিডিয়োয়, যা নিয়ে এখন উত্তাল নেটপাড়া।
ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তা হয়ে উঠেছে এক শক্তিশালী জনমত প্রকাশের প্ল্যাটফর্ম। পাকিস্তানে ‘রিয়্যাল এন্টারটেনমেন্ট টিভি’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিত শোয়েব চৌধরি ঠিক সেই কাজটিই করে থাকেন—রাস্তায় দাঁড়িয়ে মানুষের মতামত রেকর্ড করেন, আর তা আপলোড করেন নিজের চ্যানেলে। তাঁর সাম্প্রতিক একটি ভিডিয়োতে উঠে এসেছে এমন কিছু মন্তব্য, যা শুনলে চমকে যেতে হয়।
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা ভারত। এই ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই প্রেক্ষিতেই শোয়েব তাঁর ক্যামেরা নিয়ে পৌঁছে যান পাকিস্তানের রাস্তায়। সেখানে তিনি পাক যুবকদের কাছ থেকে জানতে চান, তারা এই ঘটনার ব্যাপারে কী ভাবছে। প্রথমে কেউ কেউ ঘুরিয়ে উত্তর দিলেও, পরে একের পর এক তরুণ মুখ খুলতে শুরু করে। কেউ বলেন, “এটা একেবারে মানবতাবিরোধী কাজ।” আবার কেউ বলেন, “এটা শুধু ভারতের নয়, আমাদেরও যন্ত্রণা।” তবে সবথেকে আলোড়ন ফেলে এক তরুণের বক্তব্য।
ভাইরাল ভিডিয়োতে এক যুবক বলতে শোনা যায়, “ভারত এখন অনেক এগিয়ে। আমরা এত সমস্যায় জর্জরিত—বালোচিস্তান, ওয়াজিরিস্তান, আর্থিক সঙ্কট, দুর্নীতি—এই অবস্থায় ভারতের সঙ্গে যুদ্ধের কথা ভাবাটাই ভুল।” ওই যুবকের স্পষ্ট স্বীকারোক্তি, “আমরা ভারতের সঙ্গে এঁটে উঠতে পারব না।” তাঁর মতে, এই ধরনের জঙ্গি হামলা দুই দেশকেই দুর্বল করে তোলে এবং পাকিস্তানের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে আরও ক্ষুণ্ণ করে। এমন মন্তব্য পাকিস্তানের জনসাধারণের এক বৃহৎ অংশের মনের কথাই বলে দেয়।
আরও পড়ুনঃ Kashmir: বেছে বেছে হিন্দু নিধন! সেনার পাল্টা হানায় জঙ্গি আসিফ ও আদিলের ঘরেই চলল বিধ্বংসী বিস্ফোরণ!
এই ভিডিয়োতে শুধু সাধারণ মানুষের মত নয়, শোয়েব নিজেও বক্তব্য রেখেছেন। তিনি বলেন, পাকিস্তানকে আগে নিজেদের সমস্যার সমাধান করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়নের প্রশংসাও করেন তিনি। শোয়েবের মত, শান্তি ও উন্নয়নের জন্য দুই দেশের মধ্যেকার সম্পর্কের স্থিতিশীলতা জরুরি। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই তা ঝড় তুলেছে নেটমাধ্যমে। একদিকে যেমন পাকিস্তানের স্বীকারোক্তিতে চমকে গেছেন অনেক ভারতীয়, অন্যদিকে পাকিস্তানের কিছু অংশও বলছে, এমন সাহসী বক্তব্যই ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।





