সম্প্রতি পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভি নিউজের দুই সাংবাদিকের উপর খড়গহস্ত হল ইমরান খান সরকার। চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে ওই দুজনকে। কিছুদিন আগেই পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের (পিটিভি)-র ওই দুই কর্মী ‘ভুলবশত’ এক মানচিত্র সম্প্রচার করে ফেলে,যেখানে কাশ্মীরকে ভারতের অংশ রূপে দেখানো হয়েছে। দুই দেশজুড়েই তুমুল বিতর্ক শুরু হয় ওই মানচিত্র নিয়ে। যেখানে ভারত জয়ের হাসি হাসে সেখানেই মুখ পোড়ে পাকিস্তানের।
আর এবার পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীরকে ভারতের অংশ দেখানোর চরম মূল্য দিতে হল ওই দুই দোষী সাংবাদিককে। গত ৬ই জুন পিটিভি নিউজে সম্প্রচারিত হয় সেই মানচিত্র।এরপর ৮ই জুন পাক সংসদে এই নিয়ে তীব্র বিবাদ শুরু হয়। সেইদিনই সেনেট চেয়ারম্যান সাদিক সঞ্জরানি বিষয়টি নিয়ে পূর্ন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন তথ্য সম্প্রচার মন্ত্রককে।
৭ ই জুন পিটিভি’র ম্যানেজমেন্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়,গোটা বিষয় নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে ১০ তারিখ অর্থাৎ বুধবার দুই সংবাদকর্মীকে চাকরি থেকে বার করে দিল পিটিভি। টুইটারে তাঁরা জানায়, ‘পেশাগত ত্রুটির কারণে এই দুজনকে চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে’।





