ঐতিহাসিক টাইমস্ স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি স্ক্রিনে লাইভ দেখা দেবেন ‘শ্রী রাম’, উচ্ছসিত ভক্তরা!

৫ই আগস্ট। ইতিহাসের সাক্ষী হবে দেশ। তাকিয়ে দেখবে বিশ্ব। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশে ওই দিনটি দীপাবলীর মতো করে উদযাপন করা হবে।

স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আর এই ইতিহাসের সাক্ষী থাকবে বিশ্ব। কি ভাবে? সেইদিনই ভগবান শ্রী রাম ও রাম মন্দিরের থ্রি ডি ছবি সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ভেসে উঠবে। ওইদিন ভারতের পাশাপাশি এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রও।

সংগঠকদের কথা অনুযায়ী ৫ই আগস্ট রাম মন্দিরের “ভূমি পূজা” হলো ঐতিহাসিক ঘটনা। তাই রাম ও অযোধ্যার রাম মন্দিরের ত্রিমাত্রিক ছবি দেখানো হবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে।

আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার কমিটির প্রধান তথা হিন্দুত্ববাদী নেতা জগদীশ সেহওয়ানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন করার জন্য নিউ ইয়র্কে সব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়ছে।

টাইমস স্কোয়ারের ১৭ হাজার বর্গফুটের এলইডি ডিসপ্লেতে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত “জয় শ্রী রাম” লেখা ও রামের ছবি ও ভিডিয়ো প্রদর্শিত হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও দেখানো হবে টাইমস স্কোয়ারের স্ক্রিনগুলি জুড়ে।

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, “বিশ্বের অন্যতম এই আকর্ষিত পর্যটন স্থানে সেদিন প্রবাসী ভারতীয়রা জড়ো হবেন এবং মিষ্টিমুখ করে পালন করবেন। এটা জীবদ্দশায় একবার কিংবা শতাব্দীতে একবার নয়। এটা এমন একটা অনুষ্ঠানে যা মানবকূলের কাছে আর আসবে না।”

RELATED Articles

Leave a Comment