ইউক্রেন নিয়ে আলোচনা মোদী-পুতিনের, কথা চলল একঘণ্টা ধরে, ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর আশ্বাস ভ্লাদিমিরের

ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের ফোনে কথাবার্তা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ। কথা চলে প্রায় এক ঘণ্টা ধরে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুতিনের সঙ্গে ৫০ মিনিট ধরে কথা হয়েছে মোদীর। এদিনের এই আলোচনায় ইউক্রেনের সুমি শহরে এখনও আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের উপর জোর দেন মোদী। ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে সব  রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট। এও জানা গিয়েছে যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মোদীকে বিস্তারিত তথ্য দেন পুতিন।

বলে রাখি, আজ সোমবার দুপুর ১২টা নাগাদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন মোদী। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রায় একঘণ্টার বেশি সময় ধরে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকার্যে সাহায্যের জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। এর পাশাপাশি সুমি সীমান্তে হস্টেলে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্যও ইউক্রেন প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন তিনি।

এদিন ফোনে আলোচনা চলাকালীন পুতিনকে জেলেনস্কির সঙ্গে কথা বলার বিষয়ে সরাসরি আবেদন জানান মোদী। এর পাশাপাশি মানবিকতার খাতিরে রাশিয়ায় সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণার জন্য পুতিনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

RELATED Articles