“আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন ভারতীয় সেনা। এখানকার মানুষ খুব ভালো”। গতকাল ঘরে ফেরার আগে এমনই বাক্যই উচ্চারিত হল পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী লাবিয়া জুবায়ের মুখে।
জানা গিয়েছে, গত রবিবার রাস্তা হারিয়ে সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে দুই POK কিশোরী, লাবিয়া জুবায়ের ও তার বোন সানা জুবায়ের। এরপর গতকাল, সোমবার ভারতীয় সেনাবাহিনী তাদের পাক সীমান্তরক্ষীদের হাতে তুলে দেন।
রবিবার সকালে ওই দুই কিশোরী পুঞ্চে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। তাদের এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে ভারতীয় সীমান্তরক্ষীদের মধ্যে। এরপর দুই বোনকে আটক করে তারা। দুই কিশোরীকে জেরা করে জানা যায় যে, তারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। বাড়ি POK-এর খাউটা তহসিলে।
এরপর গতকাল তাদের পাক সীমান্তরক্ষীদের হাতে তুলে দেন ভারতীয় সেনা। তবে ঘরে ফেরার আগে ভারতীয় সেনাদের ভুয়ো প্রশংসা করেন লাবিয়া জুবায়ের। তিনি বলেন, “রাস্তা হারিয়ে ভারতে ঢুকে পড়েছিলাম। ভারতীয় সেনার হাতে ধরা পরার পর মনে হয়েছিল, তারা হয়ত আমাদের মারধোর করবে। কিন্তু তারা আমাদের সঙ্গে খুব ব্যবহার করেছে। এখানকার মানুষ খুব ভালো। প্রথমে ভেবেছিলাম ওরা হয়ত আমাদের ঘরে ফিরতে দেবে না। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে ঘরে ফিরে যাচ্ছি”।
সোমবারই পাক সেনা ও প্রশাসনের উপস্থিতিতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় ওই দুই কিশোরীকে। ফিরিয়ে দেওয়ার সময় তাদের হাতে উপহার ও মিষ্টিও তুলে দেন ভারতীয় সেনা।
এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক বলেন, “পাক অধিকৃত কাশ্মীরের আব্বাসপুরের খাউটা তহসিলের দুই কিশোরী রবিবার পুঞ্চে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। তবে গতকাল তাদের চাকান দে বাগ ক্রসিংয়ে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে”।





