বিশ্বাস ভেঙেছে চীন! লাদাখ সীমান্তে চীন সেনা সংখ্যা না কমালে ভারতও কমাবে না, দাবী রাজনাথের

গত এপ্রিল মাস থেকেই পূর্ব লাদাখে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বছরের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়েও অচলাবস্থা কাটবার কোনও দিশাই মিলছে না। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ভারত ও চীনের মধ্যে। এরই মধ্যে আজ, শনিবার লাদাখ নিয়ে প্রশ্ন উঠায় এমনই বক্তব্য পেশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান যে লাদাখ সীমান্তে গত ৯ মাস ধরে উত্তেজনা চড়েছে। ভারত আলোচনার মাধ্যমেই সমাধানে বিশ্বাসী। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনওরকম হেলদোল নেই চীনের। তারা নিজেদের জায়গায় অনড়। তাই কবে আদৌ এই সংঘাতের মীমাংসা হবে, তা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়।

শুরু হয়েছে শীতের মরশুম। উত্তরে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতেও সব প্রতিকূলতা উপেক্ষা করেই সীমান্ত রক্ষা করে চলেছেন দুই দেশেরই হাজার হাজার সেনা। এদিন সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী এও বলেন যে লাদাখ সীমান্ত থেকে চীন সেনা সংখ্যা না কমালে ভারতও একপাক্ষিকভাবে সেনা কম করবে না। তিনি এও বলেন যে, চীন ভারতের কোনও কোনও বিষয়ে আপত্তি তুললেও তারা কিন্তু দ্রুত গতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এপ্রিল মাস থেকেই উত্তপ্ত হয়ে লাদাখ সীমান্ত। নিয়ন্ত্রণ রেখায় অবস্থান চুক্তি, সৌজন্য ও সমস্ত বিধি লঙ্ঘন করেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় চীন। এতে বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় সেনা। এরপরই উত্তেজনা ছড়ায় গালওয়ানে। রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে দুই দেশের মধ্যে। এর জেরে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা। অজানা সংখ্যক চৈনিক সেনার মৃত্যুর খবরও মেলে। এরপর থেকেই দুই দেশের শত্রুতা চরমে ওঠে। এরপর পরিস্থিতি বিশেষ নিয়ন্ত্রণের বাইরে না গেলেও, অবস্থার উন্নতি খুব একটা হয়নি। এদিকে চীনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ভারত। ভারতে নিষিদ্ধ করা হয় একাধিক চীনা অ্যাপ। এই অচলাবস্থার অবসান যে আলোচনার মাধ্যমেই মেটা সম্ভব, এ বিষয়েও আশাবাদী রাজনাথ সিং।

RELATED Articles