Barasat : পাক প্রধানমন্ত্রীর ছবির নিচে লিখেছিলেন ‘সেই’ শব্দ! রাস্তায় ফেলে রক্তাক্ত রিজুয়ান, কী ছিল সেই পোস্টে?

বর্তমানে এক ক্লিকে গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। বিশেষ করে সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে প্রতিদিনের ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ভুল একটি পোস্ট, কখনও কখনও ডেকে আনতে পারে চরম বিপদ। সম্প্রতি এমনই একটি ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বারাসত। যেখানে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে দেশজুড়ে নজরদারি চলছে সাইবার অপরাধ দমন শাখার তরফে। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা— কেউ যাতে সামাজিক মাধ্যমে কোনও ভারত-বিরোধী কিংবা বিভ্রান্তিকর তথ্য না ছড়ান। এই পরিস্থিতিতেই এমন একটি পোস্ট নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় কিছু যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারাসতের চাপাডালি মোড় সংলগ্ন এলাকার মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি সম্প্রতি তাঁর সামাজিক মাধ্যম প্রোফাইলে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। সেখানে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এমন একটি শব্দ লেখেন, যা স্পষ্টতই ভারত-বিরোধী এবং উসকানিমূলক বলেই মনে করছেন এলাকার অনেকে। যদিও রিজুয়ানের সেই পোস্ট এখন ডিলিট করা হয়েছে এবং তাঁর প্রোফাইলও অসক্রিয় রয়েছে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।

সোমবার সকালে হঠাৎই কয়েকজন যুবক এসে রিজুয়ানের দোকান বন্ধ করে দেন বলে অভিযোগ। স্থানীয়রা জানাচ্ছেন, এরপর দোকান থেকে তাঁকে টেনে বের করে রাস্তার উপর ফেলে মারধর করা হয়। উপস্থিত জনতা কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করতেও দেখা গেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বারাসত থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, অভিযুক্ত যুবকদের ইতিমধ্যেই চিহ্নিত করা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Kolkata: বাইকচালককে চড় মারলেন পুলিশ! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কলকাতা পুলিশের তিন কর্মী বরখাস্ত!

ঘটনার পরে রিজুয়ানের বিরুদ্ধে ভারত-বিরোধী পোস্ট করার অভিযোগে মামলা দায়ের হয়েছে বারাসত থানায়। তবে তিনি ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু রিজুয়ান নয়, যাঁরা গণপিটুনিতে অংশ নিয়েছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা আইন হাতে তুলে নিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চলছে মোবাইল লোকেশন ট্র্যাকিংও। প্রশাসনের তরফে কড়া বার্তা— এই ধরনের পোস্ট যেমন সহ্য করা হবে না, তেমনই আইন নিজের হাতে তোলাও নয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর