কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ ২ জঙ্গি, এই নিয়ে কাশ্মীরে মোট ৮৮ জন সন্ত্রাসী খতম

এপ্রিল থেকেই কাশ্মীর উপত্যকায় জারি রয়েছে নাশকতা। সন্ত্রাসীদের সাথে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে ভূস্বর্গ কেঁপে উঠছে ঘন ঘন। এবার আরও একবার গুলির লড়াইয়ে সন্ত্রাসীরা খতম হল। জম্মু ও কাশ্মীরের অন্তর্গত কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সংবাদসংস্থা এএনআই এর সূত্র অনুযায়ী, ওই দু’জন জঙ্গিই ছিল হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য।এমনকি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, তিনটি গ্রেনেড-সহ অস্ত্রশস্ত্র।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার নিপোরাতে অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী। এলাকা জুড়ে চিরুনি তল্লাশির চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। তার পাল্টা জবাবও দেয় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের গুলির লড়াইয়ে মারা যায় দুই জঙ্গি। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো ব্যক্তির আঘাত লাগেনি। এখন অভিযান শেষ হয়ে গিয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

এর আগে, গত ৮ জুন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, চলতি বছরে এখনও অবধি মোটমুটি ৩৬ টি অভিযান চালানো হয়েছে। যেখানে ৮৮ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিদের তালিকায় রয়েছে জইশ-ই-মহম্মদ, ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীর, লস্কর-ই-তইবার একাধিক জঙ্গি। তারপর আরও কয়েকটি গুলির লড়াইয়ে কমপক্ষে আটজন জঙ্গির মৃত্যু হয়েছে।

এদিকে, বন্দিপোরা-শ্রীনগর রোডে এরিন নদীর উপর সেতুর কাছে শনিবার সকালে একটি সিলিন্ডার, একটি টাইমার-সহ সন্দেহভাজন আইডি উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, ওই সন্দেহভাজন আইডি নিস্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।আপাতত ওই এলাকায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment