ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে পারে ভারতই, মোদী সরকারের কাছে ফের সাহায্যের আর্জি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে ভারত গুরুত্বপূর্ণ অংশ নিতে পারে। এই কারণে ভারতের সাহায্য চাইল ইউক্রেন। গতকাল, বুধবার এক সাক্ষাৎকারে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে চাইলে তাতে ইউক্রেন স্বাগত জানাবে। এর আগেও একাধিকবার ভারতকে তাদের পাশে দাঁড়াতে আর্জি জানিয়েছে ইউক্রেন। আর এবার সেই তালিকায় যোগ দিলেন সে দেশের বিদেশমন্ত্রীও।

ইউক্রেনের বিদেশমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, “পৃথিবীতে একমাত্র মানুষ যে এই যুদ্ধ চায়, সে হছে পুতিন”। নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যস্ততা করতে চান তাহলে তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানাবে ইউক্রেন”।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, “রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো। আমি ভারতীয়দের অনুরোধ করছি, এই সুসম্পর্কের যথাযথ ব্যবহার করে এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করুন”। পুতিনকে পরোক্ষে একনায়ক বলে উল্লেখ করে দিমিত্র বলেন, “রাশিয়ার সব সিদ্ধান্ত একমাত্র পুতিন নেন। তাই যুদ্ধ বন্ধ করতে সরাসরি পুতিনের সঙ্গে কথা বলতে হবে”।

এদিন নিজের বক্তব্যের মাধ্যমে ভারত ও ইউক্রেনের মধ্যেকার সম্পর্কের কথা মনে করিয়ে দিমিত্র বলেন যে ভারতের সঙ্গে ইউক্রেনের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক যে দুই দেশের জন্যই লাভজনক, তেমনটাও  দাবী করে তিনি। দিমিত্রর মতে, ভারতের রপ্তানি করা নানান দ্রব্যের ক্রেতা হল ইউক্রেন।

ইউক্রেন খাদ্যসামগ্রী পাঠিয়ে ভারতকে যে সাহায্য করে সেকথা বলতে গিয়ে ইউক্রেনের বিদেশমন্ত্রী বলেন, “আমরা বরাবর তেল, খাদ্যশস্য এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছি ভারতে। আমি আশা করি ভারত ইউক্রেনের পক্ষে থাকবে”।

উল্লেখ্য, আক, বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আবার এদিনই ভারত সফরে আসছেন ব্রিটেনের বিদেশসচিব এলিজাবেথ ট্রাস। ব্রিটেনের হাই কমিশনের তরফে দিল্লিতে জানানো হয়েছে, “সকল দেশ যেন রাশিয়া নির্ভরতা থেকে বেরিয়ে আসে, এই বিষয়েই আলোচনা করবেন ব্রিটিশ বিদেশ সচিব”। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। এবার দুই দেশের চাপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

RELATED Articles