রাস্তার উপর প্রাসাদসম চারতলা বাড়ি, আদালতের নজরে ভাঙড়ে তৃণমূল নেতার ‘লভ হাউজ’, হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ

বড় রাস্তার উপর চারতলা প্রাসাদের মতো বাড়ি। সেই বাড়ির জানলাগুলো আবার হৃদয় আকৃতির। বাড়ির গায়ে ডোরাকাটা রঙ। ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেনের বাড়ি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নেপথ্যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই বাড়ির জমি ও মূল্য পরিমাপের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিল আদালত।

বগটুই গণহত্যাকাণ্ডের পর সেখানের তৃণমূল নেতা ভাদু শেখ, আনারুল হোসেনের  বাড়ি সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে। সাধারণ নেতা সামান্য উপার্জন করে কীভাবে প্রাসাদসম সব বাড়ি বানিয়েছিলেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। এবার সেই একই প্রশ্ন উঠেছে মোদাস্সের হোসেনের এই ‘লভ হাউজ’ নিয়ে।

মোদাস্সের হোসেন বর্তমানে ভোগনলি ২ পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি। প্রথম থেকে তিনি দলের কর্মী ছিলেন। এরপর কখনও উপপ্রধান তো আবার কখনও প্রধান পদে আসীন ছিলেন তিনি।

স্থানীয়দের দাবী, এই দলের নেতা হওয়ার সুবাদেই তোলাবাজি, কাটমানির মালিক হয়েছেন এই মোদাস্সের হোসেন। সেই দিয়েই এই বাড়ি বানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দারা আরও জানিয়েছেন যে ভাঙড়ে মোদাস্সের হোসেনের এরকম আরও কয়েকটি বাড়ি রয়েছে।

এর পাল্টা মোদাস্সের হোসেনের দাবী, কৃষিকাজ ও মাছের ভেড়ি থেকে অর্থ উপার্জন করেছেন তিনি। এর পাশাপাশি কিছু ঋণ নিয়ে এই বাড়ি বানিয়েছেন তিনি। ২০ হাজার বর্গফুটের এই বাড়ি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। মোদাস্সেরের দাবী, সেই ভাড়া থেকেই ঋণের কিস্তি শোধ করেন তিনি।

এই বাড়িকে হাতিয়ার করেই মোদাস্সেরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ওই বাড়ির মাপজোক শুরু করেছে কাশীপুর থানা ও ভাঙড় ২ নম্বর ব্লকের ভূমিরাজস্ব দফতরের কর্মীরা। সূত্রের খবর, দ্রুতই সেই রিপোর্ট পেশ করা হবে।

RELATED Articles