আজ, বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেচেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব সীমান্তের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্ককে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর থেকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। আর আজ সকালে রুশ প্রেসিডেন্টের ঘোষণার পর যুদ্ধের ডঙ্কা বেজেই গেল।
ইতিমধ্যেই যুদ্ধে ৫০ জন বলি হয়েছেন বলে খবর। ইউক্রেনের তরফে দাবী করা হয়েছে যে ৪০ জন রাশিয়ার নাগরিক মারা গিয়েছে। ইউক্রেনে নাগরিক-সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একের পর এক শহরে হামলা হয়ে চলেছে। এই পরিস্থিতিতে এবার ভারতের কাছে সাহায্য প্রার্থনা করলেন ইউক্রেনের দূত ইগর পোলিখা। এই যুদ্ধে ভারতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করে পোলিখা বলেছেন, “মোদীজি বিশ্বনেতাদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সম্মানীয় নেতা। আপনার রাশিয়ার সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত, কৌশলগত সম্পর্ক রয়েছে। আমরা আশাবাদী যে যদি মোদীজি পুতিনের সঙ্গে কথা বলেন তিনি সাড়া দেবেন”।
ইউক্রেনের দূত আরও বলেছেন, “রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকায় ভারতের আরও এক্ষেত্রে ভারতের আরও সক্রিয় অংশ নেওয়া উচিত। শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য নয়, নিজের নাগরিকদের নিরাপত্তা রক্ষার্থে আমরা এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাই”। তিনি আরও বলেছেন, “আমরা কোনও প্রোটোকল বিবৃতি চাই না। এর ফলে কিচ্ছু হয় না। আমদের গোটা বিশ্বের সমর্থন প্রয়োজন”।
ইউক্রেনের দূত মহাভারতের কথা উল্লেখ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনার জন্য মোদীর কাছে আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, “হাজার হাজার বছর আগে যেখানে ইউরোপে কোনও সভ্যতা তৈরি হয়নি তখন থেকেই কৌটিল্য, চাণক্যের মাধ্যমে ভারত কূটনীতিবিদ্যায় পারদর্শী। বিশ্বে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে এবং অনেক বছর ধরে ভারত জোট-নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে”।






