নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব আবারও প্রমাণিত হল। ফের চীন ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। সেনাকে ব্যবহার করে ভারতের ‘দীর্ঘকালীন স্থায়ী সীমান্ত পরিবর্তনের চেষ্টা’ করছে চীন। ভারতের পাশে দাঁড়িয়ে এমনই বার্তাই দিল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। সেইসঙ্গে চীনের আগ্রাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হল।
মঙ্গলবার মার্কিন কংগ্রেস নিম্নকক্ষে একটি বিল পেশ করা হয়। তাতে ইলিনয়েসের প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি একটি সংশোধনী আনেন। তার ভিত্তিতে বিলে যোগ করা হয়, ভারতীয় সীমান্ত বরাবর চীন সৈন্য সমাবেশ করেছে এবং ‘আগ্রাসন এবং সেনা ব্যবহার করে দীর্ঘকালীন স্থায়ী সীমান্ত নতুন করে তৈরির করার চেষ্টা করছে।’
ভুটান, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে বিবাদের প্রসঙ্গ অন্তর্ভুক্ত করে বিলে লেখা হয়, ‘ভারত এবং বিশ্বের অন্যান্য অংশের সীমান্তে চীনের ক্রমাগত সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ আছে।’ একইসঙ্গে ‘সেনা নয়’, কূটনৈতিক উপায়ে চীনকে সীমান্ত উত্তেজনা ‘প্রশমন’-এর কথা বলা হয়েছে।
মার্কিন কংগ্রেসের উক্ত বিলটি ২৯৫-১২৫ ভোটে পাশ হয়ে সেনেটে গিয়েছে। তা নিয়ে ভারতীয় বংশোদ্ভূত ইলিনয়েসের আইনপ্রণেতা জানান, চীনকে পরিষ্কার বার্তা দিয়ে বিলটি সেনেটে পাঠানো হয়েছে। পাশাপাশি সেই বিলের মাধ্যমে বেজিং-এর আগ্রাসনের বিরুদ্ধে ভারত-সহ অন্যান্য বন্ধু দেশের পাশে যে আমেরিকা রয়েছে, তাও স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।





