দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের কিছুদিন পরেই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করলেন নরেন্দ্র মোদী। এবারে সেনা বাহিনীর জোর আরও বাড়িয়ে ইজরায়েলের নিকট হতে ১০০ স্পাইস বোমা কিনতে চলেছে ভারত।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর যে এই ১০০ স্পাইস বোমা কিনতে ভারতের খরচা হচ্ছে মোট ৩০০ কোটি টাকা। এই ব্যাপারে ইজরায়েলের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে ভারতের। আগামী মাস তিনেকের মধ্যেই ইজরায়েল থেকে ১০০ স্পাইস বোমা এসে যাবে ভারতে।
প্রসঙ্গত, বালাকোটে এয়ার স্ট্রাইকে জঙ্গি ঘাটি উড়াতে যে বোমা ব্যবহার করা হয়েছিল সেটি ছিল স্পাইস ২০০০ বোমা। নতুন ১০০ স্পাইস বোমা স্পাইস ২০০০ এরই আরও উন্নত রূপ বলে জানা গিয়েছে। যে কোনো গোপন জঙ্গি বাঙ্কার কিংবা ইমারত ধ্বংসে এই বোমা বেশ কার্যকর বলে সূত্রে খবর৷