কথা ছিল ৪ জুন বর্ষা প্রবেশ করবে ভারতে। কিন্তু মৌসম ভবন সূত্রে জানানো হলো যে ৪ নয়, বরং দুদিন দেরীতে ৬ তারিখই দেশে প্রবেশ করবে বর্ষা। ১৮-১৯ তারিখ থেকেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে মৌসুমি বায়ু বয়ে নিয়ে আসার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এরপরই আগামী ৬ জুই বর্ষা কেরলে প্রবেশ করবে বলে মৌসম ভবন সূত্রে খবর৷
কেরলে প্রবেশের পর অবশ্য গতিবেগ বেশ কিছুটা কমে যাবে বর্ষার। তাই দিল্লিতে প্রবেশ করতে করতে হয়ে যাবে জুন মাসের একদম শেষ। একটি বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফে যদিও জানানো হয়েছে যে এবছরে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে, তবে এখনও অবধি এই বিষয়ে মৌসম ভবন থেকে কোনো তথ্য মেলেনি।
অন্যদিকে বৃষ্টি কম হওয়ার খবরে মাথায় হাত চাষীদের৷ আমাদের কৃষি প্রধান দেশে ৭০ শতাংশ বৃষ্টি হয়ে থাকে বর্ষাকালেই। যা কৃষি কার্যে অত্যন্ত প্রয়োজনীয়৷। কিন্তু এবারে বৃষ্টি কম হলে তাতে চাষাবাদের ক্ষতি হবে বলে আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।






