গত মে মাসেই ‘ফণী’ সাইক্লোনে তছনছ হয়ে গিয়েছিল ওড়িশা। তার রেশ কাটতে না কাটতেই ফের ঝড়ের ভ্রুকুটি আরব সাগরে।
এবারে একটি নিন্মচাপ সৃষ্টি হয়ে দক্ষিণ পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের উপর৷ আগামী ৭২ ঘন্টায় সেই নিন্মচাপটিই শক্তি বাড়িয়ে একটি সাইক্লোনে রূপান্তরিত হতে পারে বসে আশঙ্কা করছে মৌসম ভবন। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে জারি করা হয়েছে সতর্কতাও৷ আরব সাগরে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
পূর্বাভাসে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এই গভীর নিন্মচাপের কারণে ঝড়ের আগেই ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপের ওপর৷ এছাড়াও কেরালার বিভিন্ন স্থানে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস৷ ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে এই নিন্মচাপটির খবর দেশের সমস্ত হাওয়া অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সঙ্গে নিন্মচাপটির ওপর কড়া নজর রেখে চলেছেন আবহাওয়াবিদরা৷