বাজেট ২০১৯: বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে উন্নত করা হবে রেলের পরিকাঠামো।

আজ বাজেট পেশ করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে৷ রেলের পরিকাঠামো উন্নতির জন্য নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। রেল স্টেশনগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি উন্নত করা হবে রেলের পরিকাঠামো। চালু হবে সেমি হাই স্পিড ট্রেন৷ লাগু হবে ‘আদর্শ ভাড়া’।

আজ বাজেট পেশে রেল নিয়ে নির্মলা সীতারমণ জানালেন যে, রেলের উন্নতির জন্য আগামী ১১ বছরে বরাদ্দ হয়েছে মোট ৫০ লক্ষ কোটি টাকা৷ ২০২২ সালের মধ্যে ফ্রেট করিডরের কাজ সম্পূর্ণ হবে জানিয়েছেন নির্মলা সীতারমণ৷ এরফলে লাইনে কমবে কিছুটা চাপ। পাশাপাশি লাইনে তখন সেমি হাইস্পিড ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে৷ সঙ্গে প্রচেষ্টা চলবে রেলের গতিবেগ আরও বাড়ানোর৷

 

ছোটো শহরগুলোতেও রেলের পরিকাঠামো উন্নতির জন্য এসপিভি র ওপর জোর দিতে চলেছে সরকার৷ সময়ে ট্রেন চলাচলের ব্যাপারেও নেওয়া হবে পদক্ষেপ। এছাড়াও দেশ জুড়ে আরও ৩০০ কিলোমিটার মেট্রো রেল প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে আজ বাজেটে।

রেল স্টেশনগুলিকেও উন্নতি করতে থাকছে পদক্ষেপ। প্রতিটি রেল স্টেশনে সোলার বসানো হবে বলে জানানো হয়েছে৷ করা হবে স্টেশনগুলির আধুনিকীকরণ। এছাড়াও রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার ওপরও জোড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখন ভাড়া না বাড়লেও এরপর ‘আদর্শ ভাড়া’ চালুর কথা রয়েছে বাজেটে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর