ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হলো ১১ জন পড়ুয়ার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি বাস পরে যায় খাদে৷ আর তাতেই মৃত্যু হয় ১১ জন পড়ুয়ার। ৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে শ্রীনগরের একটি হাসপাতালে৷
ঘটনাটি ঘটেছে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চে। সূত্রের খবর একটি বেসরকারি কম্পিউটার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ট্যুরে৷ আচমকাই সোপিয়ানের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া সহ সেই বাসটি পরে যায় খাদে। আর তাতেই মৃত্যু হয় ১১ জনের৷ এই ১১ জন পড়ুয়ার মধ্যে ৯ জনই মেয়ে বলে জানা গিয়েছে। পড়ুয়ারা পুঞ্চেরই বাসিন্দা।
ঘটনাটি সোপিয়ানের কাছে ঘটায় এই ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে সোপিয়ান থানাকেই। দেহ শনাক্তকরণের কাজ এখনও শুরু হয়নি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে জম্মু কাশ্মীর সরকার।